নাব্যতা হারিয়ে অস্তিত্ব-সংকটে সিলেট অঞ্চলের নদ-নদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খনন না করায় নাব্যতা হারিয়ে অস্তিত্ব-সংকটে পড়েছে সিলেট অঞ্চলের নদনদী। স্থানীয় লোকজনের অভিযোগ, ময়লা-আবর্জনায় তলদেশ ভরাট হয়ে নদীগুলো নাব্যতা হারানোর কারণে নৌচলাচল ব্যাহত হচ্ছে। ২০ বছর ধরে এ অবস্থা চলে এলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।সিলেটের নদীর তীরবর্তী বিভিন্ন এলাকার বাসিন্দারা জানিয়েছেন, সিলেটের সুরমা, কুশিয়ারা, খোয়াই, মনু, দাড়াইন, কালনী, পিয়াইন, সারি, গোয়াইন, সোনাই, ধলাই, জুড়ি, সুতাং, লংলা—এই ১৪টি নদনদী ইতিমধ্যে অনেকটাই নাব্যতা হারিয়ে অস্তিত্ব-সংকটে রয়েছে। এসব নদীর আশপাশ ঘুরে দেখা গেছে, অধিকাংশ নদীতে পানি শুকিয়ে চর জেগেছে।মৌলভীবাজার মনু তীরবর্তী বাসিন্দা পঞ্চাশোর্ধ্ব কৃষক মজম্মিল আলী জানান, ২০-২২ বছর ধরে নদীর পানি শুকাচ্ছে। নদীর কোনো কোনো জায়গায় চর জেগে ওই এলাকা পুরো শুষ্ক মৌসুম পানিশূন্য থাকে। একই ধরনের মতামত ব্যক্ত করেন অন্যান্য নদীতীরবর্তী বাসিন্দারা জানান, নদীগুলোর গভীরতা অর্ধেকের বেশি কমে গেছে। এ জন্য মানুষকে শুষ্ক মৌসুমে পানিসংকটের পাশাপাশি বর্ষা মৌসুমে অতি বন্যার মুখোমুখি হতে হয়। ভুক্তভোগী লোকজন জানান, নাব্যতার কারণে সিলেট অঞ্চলের নদীগুলোতে শুষ্ক মৌসুমে পানি কম থাকায় অনেক এলাকায় নৌচলাচলের পথ বন্ধ হয়ে যাচ্ছে। এক দশক আগেও যেসব রুটে নৌকা দিয়ে মানুষ যাতায়াত করত, সেসব রাস্তাও একের পর এক বন্ধ হয়ে গেছে। এ ছাড়া নদীর পানি কমে যাওয়ায় কৃষিক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ছে। পানির অভাবে সঠিক প্রজনন ক্ষেত্রের অভাবে হাওর এবং নদীর মাছও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।পরিবেশ বিশেষজ্ঞরা জানান, পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত রাখার স্বার্থে উৎসমুখে যেকোনো ধরনের বাঁধ নির্মাণ থেকে বিরত থাকা, যত্রতত্র অপরিকল্পিতভাবে বাঁধ-স্লুইসগেট নির্মাণ না করার পাশাপাশি ভরাট হওয়া নদীগুলো খননে উদ্যোগ নেওয়া গেলেই কেবল নদীর অস্তিত্ব রক্ষা সম্ভব। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি অ্যান্ড হাওর অ্যাগ্রিকালচার বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ নূর হোসাইন মিঞা বলেন, নদীর পানিপ্রবাহ প্রতিবছরই কমছে। এ কারণে এক দশকের মধ্যে ভয়াবহ রকমের পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে না পারলে পরিবেশের ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়বে। নদীগুলো বিপন্ন হয়ে পড়ায় জীববৈচিত্র্য নষ্ট হওয়ার পাশাপাশি কৃষি ও মৎস্য ক্ষেত্রেও আমরা অধিক ক্ষতির মুখোমুখি হচ্ছি। এ ক্ষেত্রে নদী খননের পাশাপাশি নদীর সঙ্গে সংযুক্ত খালগুলোও খনন করা প্রয়োজন।’বৃহত্তর সিলেট ইতিহাস প্রণয়ন পরিষদের সাধারণ সম্পাদক গবেষক শুভেন্দু ইমাম প্রথম আলোকে বলেন, শরীরের শিরা-উপশিরায় যেমন রক্ত না থাকলে শরীর টেকে না, তেমনি দেশের নদীগুলোতে পানিপ্রবাহ না থাকলে বাংলাদেশও টিকবে না। তিনি আরও বলেন, নাব্যতা ফিরিয়ে আনার জন্য যা যা করার দরকার, তার পরিকল্পনা এখনই করতে হবে। তা না হলে এ দেশ অচিরেই মরুভূমিতে পরিণত হবে। প্রকৃতি ও ফসলের ওপর বিরূপ প্রভাব পড়বে।