নাব্যতা হ্রাস পাওয়ায় ৫২টি নৌপথ বন্ধ
নাব্যতা হ্রাস পাওয়ায় গত পাঁচ বছরে দক্ষিণাঞ্চলের ৫২টি নৌপথ বন্ধ হয়ে গেছে। তবে স্থানীয় ব্যক্তিদের হিসাবমতে, গত ১০ বছরে ছোট-বড় মিলিয়ে কমপক্ষে ২০০ নৌপথ বন্ধ হয়েছে। এ কারণে বরিশাল বিভাগের ছয় জেলায় প্রায় এক কোটি মানুষের নৌ-যোগাযোগ সংকটের মুখে পড়েছে। পাশাপাশি মালামাল পরিবহনে ব্যয় বেড়েছে। তার বাড়তি চাপ পড়ছে স্থানীয় বাজারে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশাল আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগেও বিআইডব্লিউটিএর আওতায় বরিশালের ছয় জেলার ১৮টি নদীর ৮৮টি নৌপথে লঞ্চ ও অন্যান্য যান চলাচল করত। নাব্যতা হ্রাস পাওয়ায় বর্তমানে তা ৩৬টিতে এসে ঠেকেছে। সচল নদীগুলোতেও পলি জমে যাওয়ায় নৌযান চলাচলে বিঘ্ন ঘটছে। এসব নদী দ্রুত খনন না করা হলে অচিরেই বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, বরিশাল অঞ্চলে বিআইডব্লিউটিএর এক হাজার ১১০ কিলোমিটার নৌপথের মধ্যে ১৮৫ কিলোমিটার প্রথম শ্রেণীর, ৮১৫ কিলোমিটার দ্বিতীয় শ্রেণীর ও বাকি অংশ তৃতীয় শ্রেণীর আওতাভুক্ত। এসব পথে প্রায় ১৫০টি লঞ্চ ও অন্যান্য নৌযান চালাচল করে। এসব নৌযানে প্রতিবছর প্রায় ৫০ লাখ যাত্রী যাতায়াত করে এবং প্রায় ছয় লাখ মেট্রিক টন মালামাল পরিবহন করা হয়। পটুয়াখালী ও বরগুনা নদীবন্দরের কর্মকর্তারা জানান, গত কয়েক বছরে পটুয়াখালী ও বরগুনা জেলার কমপক্ষে ৪০টি নৌপথ বন্ধ হয়েছে। এর মধ্যে পটুয়াখালী-বরিশাল, পটুয়াখালী-বরগুনা, পটুয়াখালী-হুলারহাট, পটুয়াখালী-ঝালকাঠি, পটুয়াখালী-তালতলী, পটুয়াখালী-কলাপাড়া, পটুয়াখালী-মহিপুর, পটুয়াখালী-বেতাগী, বরগুনা-বরিশাল, বরগুনা-ভান্ডারিয়া উল্লেখযোগ্য। বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, ডুবোচর ও পলি জমে বরিশাল অঞ্চলের ৮৬৯ কিলোমিটার নৌপথ অধিক ঝুঁকির মধ্যে রয়েছে। এর মধ্যে বরিশাল-চরগজারিয়ার ৯৬ দশমিক ৫ কিলোমিটার নদীপথ ডুবোচরে বন্ধের অপেক্ষায় রয়েছে। এ ছাড়া বরিশাল-বরগুনা-পাথরঘাটার ১১৪ কিলোমিটার, বরিশাল-পটুয়াখালীর ৮৭, বরিশাল-খেপুপাড়ার ১৩৩, পটুয়াখালী-আমতলীর ১৯ এবং গলাচিপা-চরকাজলের ১৮ কিলোমিটার; বরিশাল-নাজিরপুর হয়ে লালমোহন পর্যন্ত ৮২, খুলনা-কাউখালী ভায়া মধুমতি পর্যন্ত ১৫০, কাউখালী, মোল্লারহাট ভায়া মধুমতির ৪০ কিলোমিটার; ঢাকা-বরিশাল, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা নৌপথের ৮০ কিলোমিটার (বিশেষ করে মংলা চ্যানেল থেকে ঘাসিয়াখালী পর্যন্ত ৩১ এবং গাবখান ক্যানেল), বামনীচর শোল-চরনাইন্দা শোলের প্রায় ৫০ কিলোমিটারের বিভিন্ন স্থানে রয়েছে অসংখ্য ডুবোচর। বরিশাল-কালাইয়া নৌপথে চলাচলকারী ‘এমভি লাবণ্য’ লঞ্চের মাস্টার মো. কামাল জানান, সাহেবেরহাট চ্যানেলের বিশ্বাসেরহাট থেকে টুঙ্গিবাড়িয়া পাঁচ কিলোমিটার, লাহারহাট ফেরিঘাট থেকে কালাবদর নদীর মুখ পর্যন্ত দুই কিলোমিটারে ভাটার সময় দুই থেকে আড়াই ফুট পানি থাকে। একই অবস্থা কালাবদর নদীর ধুলিয়ার মুখ থেকে কালিশুরি পর্যন্ত পাঁচ কিলোমিটার লম্বা চ্যানেলের।বরগুনা-ঢাকা নৌপথের ‘এমভি বন্ধন’ লঞ্চের মাস্টার আবদুল হক জানান, বরগুনার বিষখালী নদীর কাকচিড়া থেকে বরগুনা শহরের লঞ্চঘাটে যাওয়ার পাঁচ কিলোমিটার দীর্ঘ খাকদোন চ্যানেলেরও একই অবস্থা। নৌযানের চালকেরা জানান, ভাটার সময় বরিশালের সাহেবেরহাট চ্যানেল বন্ধ হয়ে যাওয়ায় ভোলাসহ অন্যান্য পথের নৌযানগুলোকে পৌনে এক ঘণ্টা বেশি সময় ব্যয় করে চরমোনাই-সংলগ্ন কীর্তনখোলা নদী ঘুরে যেতে হয়। ঝালকাঠির জেলার গাবখান চ্যানেলটিতেও জেগে উঠেছে একাধিক বড় বড় চর। এ চ্যানেলে বাংলাদেশ-ভারত প্রটোকল চুক্তির জাহাজ এবং ঢাকা-খুলনা-চট্টগ্রাম নৌপথের স্টিমার ও বরগুনা শহরের ধান-চাল ব্যবসায়ী অমল কৃষ্ণ তালুকদার জানান, আগে চাঁদপুর থেকে লঞ্চে করে এক টন চাল বরগুনায় আনতে ৬২৪ টাকা খরচ হতো। এখন মুন্সিগঞ্জ থেকে ট্রাকে করে এক টন চাল আনতে খরচ পড়ে এক হাজার ১৫০ টাকা।দক্ষিণাঞ্চলের নৌপথগুলোর দুরবস্থার কথা স্বীকার করে বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন উপপরিচালক মো. আলমগীর কবির বলেন, ‘এখন আমাদের নৌপথগুলো খনননির্ভর হয়ে পড়েছে। লঞ্চ ফেরি চলাচলে যেখানে সমস্যা আমরা সেখানে জরুরি ভিত্তিতে খননের চেষ্টা করি। কিন্তু আমাদের সামর্থ্যের ঘাটতি থাকায় বড় নৌপথগুলো খনন করতে সমস্যা হচ্ছে। এতে নৌপথগুলো ঝুঁকির মধ্যে রয়েছে।’