নাব্যতার সংকটে ফেরি চলাচল ব্যাহত, যানজট
শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে নাব্যতার সংকট কাটছে না। গতকাল মঙ্গলবারও এ পথে পদ্মা নদীর লৌহজং টার্নিং পয়েন্টে চলতে গিয়ে একটি ফেরি আটকে যায়। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে সকাল থেকে গাড়ির দীর্ঘ সারি দেখা যায়।
মুন্সিগঞ্জের মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, গতকাল সকাল থেকে যানবাহনের চাপ বাড়তে থাকে। পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেশি। যাত্রীবাহী পরিবহন অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।
ঘাটের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, পবিত্র আশুরা ও পূজার ছুটি থাকায় নৌপথে যানবাহনের চাপ বেড়ে গেছে। ফেরির ধীরগতি ও স্বল্পসংখ্যক যানবাহন নিয়ে চলাচল ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ জট সৃষ্টির উল্লেখযোগ্য কারণ। গতকাল শিমুলিয়া ঘাটে ব্যক্তিগত ও ছোট গাড়ির সংখ্যা বেশি ছিল।
কয়েকজন যাত্রী বলেন, গতকাল বেলা ১১টার সময় দেখা যায় শিমুলিয়া ঘাটে সাত শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপও বাড়ে। লৌহজং টার্নিং পয়েন্টে দ্রুত খনন করে নাব্যতা বৃদ্ধি করা না হলে শুষ্ক মৌসমে চরম বিপদে পড়তে হবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) সূত্র জানায়, প্রায় প্রতিদিন লৌহজং টার্নিং পয়েন্টে ফেরি আটকে যাচ্ছে। এতে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে।
বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, নাব্যতা-সংকটের কারণে লৌহজং টার্নিং পয়েন্ট থেকে দুই কিলোমিটার পর্যন্ত পথ একমুখী (ওয়ান ওয়ে) হয়ে গেছে। ঘাট থেকে ফেরি ছেড়ে টার্নিং পয়েন্টের কাছে এসে অপেক্ষা করতে হচ্ছে। একটি ফেরি ওই চ্যানেল অতিক্রম করার পর আরেকটি যেতে পারে। আশুরা ও পূজার পাঁচ দিনের ছুটিতে ঘাট এলাকায় যানবাহনের সংখ্যা বেড়ে গেছে।