নাব্যতাসংকট, হুমকিতে আন্তর্জাতিক নৌপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণাঞ্চলের একমাত্র আন্তর্জাতিক নৌপথ গাবখান নদের নাব্যতা মারাত্মক হারে হ্রাস পেয়েছে। বর্তমানে এই পথে নৌযোগাযোগ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। নৌপথটি পুরোপুরি বন্ধ হয়ে গেলে বাংলাদেশ-ভারত প্রটোকল চুক্তির জাহাজ এবং ঢাকা-খুলনা-মংলা-চট্টগ্রাম পথের পণ্যবাহী জাহাজ চলাচল বিঘ্নিত হবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশাল অঞ্চলের কর্মকর্তারা জানান, বাংলার সুয়েজ খাল খ্যাত এই নদটি (গাবখান চ্যানেল) ১৮০০ সালের গোড়ার দিকে খনন করা হয়। এটি উপকূলীয় জেলা ঝালকাঠির বিষখালী, সুগন্ধা, পিরোজপুরের কঁচা, সন্ধ্যা এবং বরগুনার বলেশ্বর নদের সঙ্গে সংযুক্ত। ১৯৫০ সালে মংলা বন্দর প্রতিষ্ঠার পর এটি আন্তর্জাতিক নৌপথ হিসেবে ব্যবহূত হচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গ, আসাম এবং মেঘালয়ের সঙ্গে বাংলাদেশের নৌযোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ১৮ কিলোমিটার দীর্ঘ এই গাবখান নদ। এই নদ দিয়ে প্রতিদিন ৭০ থেকে ৮০টি দেশি-বিদেশি পণ্য ও যাত্রীবাহী জাহাজ চলাচল করে।
কর্মকর্তারা জানান, একসময় এই নদের প্রস্থ ছিল ২৫০ মিটার। এখন তা ১০০ মিটারে ঠেকেছে। কোনো কোনো স্থানে প্রস্থ আরও কম। পলি জমে সুগন্ধা নদীর প্রবেশমুখে বিশাল এলাকাজুড়ে চর পড়ায় নাব্যতা হ্রাস পেয়েছে। এখন নৌযান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।
ইউনুস আলী নামের বিআইডব্লিউটিএর এক চালক জানান, প্রতি মাসে তেলবাহী কমপক্ষে ৪০টি জাহাজ এই পথ ধরে খুলনায় যায়। এ ছাড়া অন্যান্য পণ্য ও যাত্রীবাহী জাহাজ চলাচলেও এই পথের কোনো বিকল্প নেই। এই পথ বন্ধ হলে পণ্যবাহী জাহাজগুলোকে সুন্দরবন ও বরগুনা উপকূল হয়ে প্রায় ৫০০ কিলোমিটার বেশি পথ পাড়ি দিয়ে গন্তব্যে যেতে হবে। এতে পণ্য পরিবহনের ব্যয় দ্বিগুণ হয়ে যাবে।
বেসরকারি নৌযানের কয়েকজন চালক জানান, পণ্যবাহী জাহাজগুলোকে ঘণ্টার পর ঘণ্টা জোয়ারের জন্য অপেক্ষা করতে হয়। নাব্যতা কমে যাওয়ায় প্রায়ই পণ্যবাহী জাহাজগুলো চরে আটকা পড়ে। তখন জাহাজগুলোকে ৩০-৩৫ ঘণ্টা অপেক্ষা করতে হয়।
বিআইডব্লিউটিএর যাত্রীবাহী জাহাজ ‘লেপসা’র চালক মহিউদ্দীন আহমেঞ্চদ জানান, জাহাজ চলাচলের জন্য ১১-১২ ফুট গভীরতা দরকার। কিন্তু জোয়ারের সময় গাবখান নদে সাত-আট ফুটের বেশি গভীরতা থাকে না। বিকল্প পথ না থাকায় এই গভীরতায় ঝুঁকি নিয়ে জাহাজগুলো চলাচল করে। গত আগস্টে লেপসা এই নদীতে দুর্ঘটনার শিকার হয়।
বিআইডব্লিউটিএর খনন বিভাগের বরিশাল অঞ্চলের নির্বাহী প্রকৌশলী ফরহাদ হোসেন বলেন, ‘অর্থনৈতিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এই নৌপথটির সুগন্ধা নদীর প্রবেশমুখ ও গাবখান সেতু এলাকায় ভয়াবহ নাব্যতা সংকট দেখা দিয়েছে। এ জন্য একটি জরিপ হয়েছে। জরিপ প্রতিবেদন পেলে হয়তো আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী এই সংকট নিরসন করতে পারব।’