
মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের কাঁঠালবাড়ি নৌপথে পদ্মা নদীতে নাব্যতাসংকট ও প্রবল স্রোতের কারণে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ১৯টি ফেরির মধ্যে ১০টিই বন্ধ রয়েছে। ডুবোচরের কারণে তিনটি গত রোববার গভীর রাতে আটকা পড়ে। পারাপারে সময়ও লাগছে দ্বিগুণের বেশি। ফলে দুই পারেই পারাপারের অপেক্ষায় আছে কয়েক শ যানবাহন। এতে ঈদের পর ঢাকামুখী ও ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী যাত্রীরা ও যানবাহনের চালক-কর্মীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
ফেরিঘাট এলাকায় যাত্রী, চালক ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, নাব্যতাসংকট ও প্রবল স্রোতের কারণে চার দিন ধরে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। যাত্রী ও যানবাহনের চাপ বাড়ায় গতকাল সোমবার তা চরম রূপ নেয়।
গত রোববার দিবাগত রাত তিনটার দিকে রায়পুরা, লেনটিন ও যমুনা নামের তিনটি ফেরি ডুবোচরের কারণে মুন্সিগঞ্জের লৌহজং চ্যানেলে আটকে যায়। পরে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএর লোকজন স্পিডবোট, ইঞ্জিনচালিত নৌকায় করে আটকে পড়া ফেরির যাত্রীদের গতকাল সকালে উদ্ধার করেন।
পদ্মায় পানি কমে যাওয়ায় নাব্যতাসংকটের কারণে লৌহজংয়ের শিমুলিয়া ঘাট থেকে শিবচরের কাঁঠালবাড়ি ঘাটে যেতে চার দিন ধরে সময় লাগছে দ্বিগুণের বেশি। চরে আটকে যাওয়ায় রো রো ফেরিগুলো গত শুক্রবার থেকে বন্ধ রয়েছে। শনি ও রোববার কেমিলিয়া (মাঝারি) ফেরিসহ আরও সাতটি ফেরি বন্ধ করে দেওয়া হয়।
ঈগল পরিবহনের যাত্রী মো. ফদি হাওলাদার বলেন, ‘ঈদে বাড়ি যেতে পারিনি। রোববার বাড়ি যাওয়ার জন্য খুব সকালে স্ত্রী এবং তিন ও এক বছরের দুটি বাচ্চা নিয়ে ঘাটে এসেছি। কিন্তু সোমবার বেলা একটায়ও আমাদের বাস সিরিয়াল পায়নি। ছোট বাচ্চা নিয়ে খুব কষ্টে আছি।’
মাদারীপুরের টেকেরহাটের ট্রাকচালক মো. রিপন হোসেন বলেন, ‘শিমুলিয়া ঘাটে চার দিন ধরে আটকে আছি। পণ্যবোঝাই বলে ট্রাক ফেলে যেতেও পারছি না।’
বরগুনার তালতলী থেকে আসা আবদুল মান্নান গতকাল বলেন, কাঁঠালবাড়ি ফেরিঘাট পর্যন্ত বাসে আসার পর নদীতে বাস নিয়ে ফেরি চলতে না পারায় তাঁরা বাস ছেড়ে ফেরিতে করে শিমুলিয়া ঘাটে এসেছেন। এখান থেকে বাসে করে ঢাকায় যাবেন।
শিমুলিয়া ঘাটে দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক কাওসার ই আলম বলেন, ১৯টি ফেরির মধ্যে মাত্র ৬টি ছোট ফেরি চলছে। এগুলো ১০ থেকে ১২টি ছোট গাড়ি নিয়ে শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ি যাচ্ছে। বড় ও পণ্যবাহী যান ঘাট এলাকায় থেকে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে।
শিমুলিয়া ও কাঁঠালবাড়ি—দুই ঘাট এলাকায়ই যানবাহনের দীর্ঘ সারি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যানের সংখ্যা বাড়ছে।
শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক সাফায়াত আহম্মদ বলেন, নাব্যতা না থাকায় তিন দিন ধরে বড় ফেরিগুলো এবং রোববার থেকে মাঝারি ফেরি চলাচল বন্ধ রয়েছে। তিনি বলেন, ‘আমরা মাইকিং করে ভারী যানবাহন ও যাত্রীদের বিকল্প পথে যাওয়ার অনুরোধ করলেও তাঁরা শুনছেন না। নদী খননে গাফিলতির কারণেই যাত্রীদের এই দুর্ভোগ।’
তবে বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী মো. সুলতান আহম্মেদ বলেন, তাঁরা তিন দিন ধরে নদী খননের কাজ করছেন। তাঁদের সব কর্মকর্তা-কর্মচারীর ঈদের ছুটি বাতিল করা হয়েছে। খুব শিগগির নদী স্বাভাবিক হয়ে আসবে। তিনি বলেন, তাঁরা আগেই নদী খনন করতে চেয়েছিলেন। ঈদের কারণে চাপ বাড়বে বলে বিআইডব্লিউটিসি তা করতে দেয়নি।
গতকাল সকাল সাড়ে নয়টার দিকে শিমুলিয়া থেকে ছেড়ে আসা দুটি ডাম্ব ফেরি প্রায় ৪০টি যান নিয়ে ডুবোচরে আটকা পড়ে।
কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন বলেন, নাব্যতাসংকট সমাধানে খনন শুরু করেছে বিআইডব্লিউটিএ। কাজ শেষ হতে কমপক্ষে আরও পাঁচ দিন লাগবে। তাই যাত্রীদের অন্য পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।