নাব্যতাসংকটে সার পরিবহনে অচলাবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা ও যমুনা নদীতে নাব্যতাসংকটের কারণে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সার পরিবহনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। নদীর পানি কমে যাওয়ায় মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীর মোল্লার চর ও হরিরামপুর উপজেলায় পদ্মা নদীর আন্ধারমানিক এলাকায় সারবোঝাই অনেকগুলো জাহাজ আটকা পড়েছে। কর্তৃপক্ষ ওই এলাকা দিয়ে সাড়ে সাত ফুটের বেশি ড্রাফটের (জাহাজের যতটা অংশ পানির নিচে ডুবে থাকে) কার্গো জাহাজের চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। সূত্র জানায়, আটকে পড়া সারবাহী জাহাজগুলো চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জের বাঘাবাড়ী ও পাবনার নগরবাড়ীর উদ্দেশে যাত্রা করেছে। এ ছাড়া অন্য পণ্যবাহী জাহাজও সেখানে আটকা পড়েছে। ৫০০ টনের বেশি সার নিয়ে আন্ধারমানিক এলাকায় পদ্মা নদীতে নোঙর করে আছে এমভি তমাল। নাব্যতাসংকটের কারণে এক সপ্তাহ ধরে ওই এলাকায় আটকে আছে সেটি। একই কারণে এক সপ্তাহ ধরে আন্ধারমানিক এলাকায় এমভি মারুফ, এমভি নার্গিস, এমভি দিপশুভ, এমভি বর্ষা, এমভি লামইয়া, এমভি কুইন অব মুন, এমভি নুসরাত, এমভি মিলেনিয়াম, এমভি আল-সাদ্দাম, এমভি হাজী আকবর আলী, এমভি গোল্ডেন মিলেনিয়াম, এমভি কুইন সান, এমভি তমাল, এমভি মধুমতীসহ ৩৫টি জাহাজ আটকা পড়েছে। এ ছাড়া যমুনা নদীর মোল্লারচর এলাকায় নাব্যতাসংকটের কারণে দাশকান্দি এলাকায় এমভি আশরাফুল আলম, এমভি প্রিন্স ফুলতুলা, এমভি মোহামঞ্চদ আলী, এমভি পুষ্পিতা, এমভি দীপ, এমভি রহমত মাফিয়া, এমভি মাস্টার মোহাইমেনুল, এমভি ওপিএস ও এমভি অনন্ত নোঙর করে আছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয় সূত্র জানায়, শুষ্ক মৌসুমে সাধারণত নদীতে পানির গভীরতা কমে যায়। কিন্তু এ বছর এর আগেই পানির গভীরতা কমে গেছে। আন্ধারমানিক ও দাশকান্দি এলাকায় নদীতে আট ফুট পানি আছে। অতিরিক্ত ড্রাফটের কারণে জাহাজগুলো আটকা পড়ছে। এমভি তমালের মাস্টার শফিকুল ইসলাম বলেন, পুরো বোঝাই জাহাজ চলাচলে কমপক্ষে নয় ফুট পানির প্রয়োজন। কিন্তু পদ্মা নদীতে আন্ধারমানিক এলাকায় আট ফুটের কম পানি থাকায় জাহাজগুলো আটকে যাচ্ছে। দাশকান্দি এলাকায় নোঙর করা এমভি পুষ্পিতার মাস্টার শফিকুল ইসলাম বলেন, এক সপ্তাহের বেশি সময় আন্ধারমানিক এলাকায় আটকে থাকতে হয়। সার নামিয়ে ইঞ্জিনচালিত নৌকায় বাঘাবাড়ী পাঠানো হয়েছে।দাশকান্দি এলাকায় নোঙর করা জাহাজ এমভি দীপের শ্রমিক রেজাউল করিম বলেন, কয়েক দিন ধরে আটকে থাকায় প্রচণ্ড শীতে কষ্ট হচ্ছে। বাজার দূরে হওয়ায় খাবারেরও সমস্যা হচ্ছে। বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের নৌ সংরক্ষণ ও পরিচালনা বিভাগের ঊর্ধ্বতন উপপরিচালক মো. শাহাজল হক বলেন, অতিরিক্ত ড্রাফটের কারণে জাহাজগুলো আটকা পড়েছে। বিআইডব্লিউটিএর হাইড্রোগ্রাফি ও ড্রেজিং বিভাগকে এসব সমস্যা কথা জানিয়ে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে। নদীর গভীরতা পরিমাপ করার পর আগামী এক সপ্তাহের মধ্যে ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হবে।