নাব্যতা-সংকটে মেনিখালী নদী

একসময়ের খরস্রোতা মেনিখালী নদী নাব্যতা হারিয়ে ফেলেছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভাসহ চারটি ইউনিয়নের মানুষ এ নদীর ওপর নির্ভরশীল। নদীটি খনন ও দখলদারদের উচ্ছেদের জন্য ছয় বছর ধরে আন্দোলন করেও সুফল না পাওয়ার কথা জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দারা বলেন, মেনিখালী নদী উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক বাজারের পাশে ব্রহ্মপুত্র নদ থেকে শুরু হয়ে শম্ভুপুরা ও পিরোজপুর ইউনিয়নের ওপর দিয়ে সোনারগাঁ পৌরসভার উদ্ধবগঞ্জ হয়ে বৈদ্যেরবাজার ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীতে মিশেছে। নদীটির দৈর্ঘ্য প্রায় ছয় কিলোমিটার। বর্ষায় এ নদীর পানি ব্যবহার করে ইউনিয়ন ও পৌর এলাকার লোকজন। বর্ষা মৌসুমে পর্যাপ্ত পানি থাকলেও গত আট বছর নাব্যতা অনেক কমে গেছে। এ ছাড়া চারটি ইউনিয়ন ও সোনারগাঁ পৌরসভার বিভিন্ন মহল্লার বৃষ্টির পানি নিষ্কাশিত হয় এ নদীতে।
সোনারগাঁ পৌরসভার হাতকোপা গ্রামের বাসিন্দা আফজাল হোসেন বলেন, মেনিখালী নদীর ওপর নির্ভর করে এলাকার মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। কৃষি, শিল্পসহ নানা কাজে এ নদী ব্যবহৃত হয়। নাব্যতা হারানো এ নদী খনন না করলে আগামী কয়েক বছরের মধ্যে এটা হয়তো আর ব্যবহার করা যাবে না। এ নদীকে বাঁচাতে না পারলে পৌরবাসীর জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হবে।
নদীর বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, মেঘনার বৈদ্যেরবাজার থেকে শুরু হওয়া এ নদীতে পলি জমায় এটি নাব্যতা হারিয়েছে। এ ছাড়া নদীর দুই তীরে বাড়িঘরসহ বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। এসব অবৈধ স্থাপনা নির্মাণে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের হাত রয়েছে বলে স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করেছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের নির্দেশে গত বছর মেনিখালী নদীর দুই পাশের ৭৭ জন অবৈধ দখলদারের তালিকা করা হয়। ভূমি কর্মকর্তারা উচ্ছেদ নোটিশ দেন। কিন্তু দখলদারেরা তাঁদের স্থাপনা এখন পর্যন্ত
সরিয়ে নেওয়ার কোনো উদ্যোগ নেয়নি। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত হায়াত বলেন, মেনিখালী নদীর দখলদারদের উচ্ছেদের প্রক্রিয়া কয়েক দিনের মধ্যে শুরু করা হবে। এতে কাউকে ছাড় দেওয়া হবে না।
জানতে চাইলে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা প্রথম আলোকে বলেন, ‘মেনিখালী নদী খননের জন্য মানুষের যে দাবি, তার প্রতি একাত্মতা ঘোষণা করে আমি ইতিমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে লিখিতভাবে অবহিত করেছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভুঁঞা বলেন, নদীটি খনন করার জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) জানানো হয়েছে। অনুমোদন পেলে দ্রুতই খননকাজ শুরু করা হবে।