নাব্যতা-সংকটে যমুনায় আটকা ৪০ জাহাজ
যমুনায় নাব্যতা–সংকটে বাঘাবাড়ী নৌবন্দর ও নগরবাড়ীঘাট স্থবির হওয়ার উপক্রম হয়েছে। পাবনার বেড়া উপজেলার নতিবপুরসহ যমুনার কয়েকটি স্থানে আটকা পড়েছে অন্তত ৪০টি জাহাজ। সারসহ বিভিন্ন পণ্যবোঝাই এসব জাহাজ ওই দুই ঘাটে সরাসরি ভিড়তে পারছে না। ওই সব স্থান থেকে ছোট ছোট নৌযানে করে পণ্য আংশিক খালাসের পর জাহাজগুলো বাঘাবাড়ী নৌবন্দর ও নগরবাড়ীঘাটে ভিড়তে পারছে।
যমুনার ওই নৌপথে চলাচলকারী বিভিন্ন জাহাজের মাস্টার, সুকানি ও বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, আরিচা থেকে বাঘাবাড়ী নৌবন্দর পর্যন্ত নৌপথের দূরত্ব ৫০ কিলোমিটার। এত দীর্ঘ ও ব্যস্ত এই নৌ-চ্যানেলের নাব্যতা বজায় রাখার দায়িত্বে রয়েছে মাত্র একটি ড্রেজার। সূত্রটি আরও জানায়, বাঘাবাড়ী নৌবন্দর ও নগরবাড়ীঘাটে যেসব জাহাজ এসে ভিড়ছে সেগুলোর বেশির ভাগই সারবাহী। চট্টগ্রাম থেকে সার নিয়ে জাহাজগুলো বেড়া উপজেলার নগরবাড়ীঘাট ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরে এসে ভেড়ে। ওই দুই স্থানে সার নামানোর পর ট্রাকে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় তা পাঠানো হয়।
জাহাজের মাস্টার-সুকানিরা বলেন, পণ্যবোঝাই জাহাজগুলো আরিচা পর্যন্ত মোটামুটি নির্বিঘ্নে এলেও বেড়ার নতিবপুর নামক স্থানে এসে বিপদে পড়ছে। এখানে নদীর গভীরতা মাত্র পাঁচ থেকে সাত ফুট। অথচ পণ্যবোঝাই জাহাজ চলাচলের জন্য নদীর গভীরতা কমপক্ষে দশ ফুট হতে হয়। ফলে নতিবপুর দিয়ে যাওয়ার সময় সেখানে আটকা পড়ছে জাহাজগুলো। এ ছাড়া শুধু বাঘাবাড়ী নৌবন্দরে যাওয়ার পথে বেড়া উপজেলার ব্যাটারিরচর, নাকালিয়া, কৈটোলা প্রভৃতি স্থানে জাহাজগুলো ডুবোচরে বাধাগ্রস্ত হচ্ছে। ট্রলার, ইঞ্জিনচালিত নৌকাসহ ছোট ছোট নৌযান ওই সব আটকা পড়া জাহাজ থেকে আংশিক পণ্য খালাস করে না আনা পর্যন্ত তিন থেকে দশ দিন ওই স্থানে আটকা থাকছে জাহাজগুলো। ছোট নৌযানের মাধ্যমে এভাবে পণ্য খালাস করে আনায় একদিকে পণ্য বহনে ব্যয় বাড়ছে, অন্যদিকে সময়ও নষ্ট হচ্ছে।
নতিবপুরে তিন দিন আটকা থাকার পর গত রোববার বাঘাবাড়ী নৌবন্দরে এসে ভেড়ে এমভি আলী আজগর নামের একটি সারবোঝাই জাহাজ। জাহাজের মাস্টার আবুল বাশার বলেন, ১০ হাজার বস্তা সার নিয়ে নতিবপুরে আসার পর তিনি ডুবোচরে আটকা পড়েন। তিন দিন আটকে থাকার পর তাঁর জাহাজ থেকে ছোট নৌযানে চার হাজার বস্তা সার বন্দরে পাঠানো হয়। এতে জাহাজ হালকা হলে তিনি বন্দরে আসতে পারেন। তিনি জানান, নতিবপুরে কমপক্ষে ৪০টি জাহাজ আটকে আছে। ছোট নৌযানের মাধ্যমে মাল খালাস করা না হলে সেগুলোর বন্দরে আসার উপায় নাই।
এদিকে বাঘাবাড়ী নৌবন্দর-সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বাঘাবাড়ী দ্বিতীয় শ্রেণির নৌবন্দর। দ্বিতীয় শ্রেণির নৌবন্দরের নৌ-চ্যানেলের গভীরতা সাত ফুট থাকলেই যথেষ্ট। অথচ এই নৌ-চ্যানেলে চলাচলকারী বেশির ভাগ পণ্যবোঝাই জাহাজের চলাচলের জন্য প্রয়োজন ১০ থেকে ১২ ফুট গভীরতা। গত ৫ ডিসেম্বর নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বাঘাবাড়ী নৌবন্দর পরিদর্শনে এসে বন্দরটিকে প্রথম শ্রেণিতে উন্নীত করার আশ্বাস দেন। কিন্তু আজ পর্যন্ত সে ব্যাপারে কোনো অগ্রগতি নেই।
বাঘাবাড়ী নৌবন্দর লেবার হ্যান্ডলিং পরিচালক আবদুল মজিদ বলেন, ‘বিআইডব্লিউটিএ ড্রেজিং করলেও তাতে তেমন ফল পাওয়া যাচ্ছে না। ছোট নৌযানের মাধ্যমে আটকে পড়া জাহাজগুলো থেকে মাল খালাস করে আনায় পণ্য পরিবহনের ব্যয় বেড়ে গেছে।’
বাঘাবাড়ীঘাট নলখোলা বণিক সমিতির সাধারণ সম্পাদক ও সার ব্যবসায়ী এ এম রফিকউল্লাহ বলেন, ‘উত্তরাঞ্চলে সার ও অন্যান্য পণ্য পরিবহনের ক্ষেত্রে এখন নগরবাড়ীঘাটের গুরুত্ব বাঘাবাড়ী নৌবন্দরের চেয়ে বেশি। নগরবাড়ীঘাটে জাহাজ আসার পেছনে নতিবপুরের বাধাটাই সবচেয়ে বড় বাধা। বিআইডব্লিউটিএ ওই স্থানে ভালোভাবে ড্রেজিং করলে জাহাজগুলো সরাসরি নগরবাড়ীঘাটে এসে ভিড়তে পারত।’
বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক ও বাঘাবাড়ী নৌবন্দরের পোর্ট অফিসার আজমল হুদা বলেন, ‘আরিচা থেকে বাঘাবাড়ী নৌবন্দর পর্যন্ত নৌ-চ্যানেলে নাব্যতা বজায় রাখার কাজ করছে একটি ড্রেজার। একটি ড্রেজার এত বড় নৌ-চ্যানেলের জন্য অপ্রতুল হলেও আগামী বছর একাধিক ড্রেজার ড্রেজিংয়ে অংশ নেবে। কারণ দেশের ১৩টি ড্রেজারের সঙ্গে শিগগিরই যুক্ত হচ্ছে বিদেশ থেকে আনা আরও ২০টি ড্রেজার। ফলে আগামী বছর থেকে এই নৌ-চ্যানেলে ড্রেজিং নিয়ে আশা করি কোনো সমস্যা থাকবে না।’