রাজবাড়ীর দৌলতদিয়া-পাবনার নগরবাড়ী নৌপথে নাব্যতা-সংকটের কারণে প্রায় তিন মাস ধরে চট্টগ্রাম থেকে আসা পণ্যবাহী জাহাজ সরাসরি চলতে পারছে না। এসব জাহাজ দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটের কাছে কিছু পণ্য খালাসের পর গন্তব্যে ছেড়ে যাচ্ছে। এতে পরিবহন খরচ বাড়ছে।
গত বৃহস্পতি ও শুক্রবার সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে বাহির চর এলাকায় এমভি ল্যাভস-১, এমভি এ আজিজ, এমভি প্রিন্স সম্রাট ও এমভি সাগর সম্রাট, পাটুরিয়া ঘাটের কাছে নয়াকান্দি এলাকায় এমভি আকাশ-১, এমভি বিউটি অব ভাগ্যকূল, এমভি কুইন অব ফিরোজা-১, এমভি কুইন অব ফিরোজা-২, এমভি মিউনিখ, এমভি গোলাপ-৬, এমভি নীল আকাশ নামের অন্তত এক ডজন পণ্যবাহী জাহাজ নোঙর করে আছে। প্রতিটি জাহাজেই কয়লা, সিমেন্ট তৈরির কাঁচামাল ও জিপ সারসহ অন্যান্য মালামাল আছে। এসব জাহাজের অধিকাংশই এপ্রিলের শেষ দিকে এসে বসে আছে।
এমভি ল্যাভসের প্রধান মাস্টার কামরুল ইসলাম বলেন, তিনি ৫ মে চট্টগ্রামের সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১০০ টন কয়লা নিয়ে ৭ মে পাটুরিয়ার নয়াকান্দি এলাকায় পৌঁছান। চার দিন থাকার পর ১১ মে দৌলতদিয়ায় আসেন। ইন্দোনেশিয়ার তৈরি কয়লা নিয়ে তাঁদের সরাসরি পাবনার নগরবাড়ী যাওয়ার কথা। জাহাজটি ১ হাজার ২৫০ টন ধারণক্ষমতার হলেও পথের কয়েকটি স্থানে ডুবোচর জেগে ওঠায় সরাসরি যেতে পারেনি।
জাহাজের সুকানি নাসির উদ্দিন শিকদার জানান, পাবনার কাজির হাট, লতিফপুর ও নাগাইল্যা নামক স্থানে ডুবোচর জেগে ওঠায় তাঁরা সরাসরি যেতে পারেননি। এসব পয়েন্টে পানির গভীরতা ১০ থেকে ১১ ফুট। জাহাজ চলাচলের জন্য গভীরতা প্রয়োজন অন্তত ১৫ ফুট। কোম্পানির খরচে কাজির হাট-নগরবাড়ী থেকে শ্রমিক এনে ২০০ থেকে ২৫০ টন কয়লা খালাসের পর রওনা করা যাবে।
এমভি এ আজিজের প্রধান মাস্টার আবুল বাসার বলেন, ‘চট্টগ্রাম থেকে ১ হাজার ৬০ টন কয়লা নিয়ে নগরবাড়ীর উদ্দেশে রওনা করে ৭ মে দৌলতদিয়ায় আসি। পর্যাপ্ত পানি না থাকায় পাঁচ দিন পর ১৬০ টন মাল ট্রলারে করে খালাস করে নগরবাড়ির উদ্দেশে রওনা হই। লতিফপুর এলাকায় ডুবোচরে আটকে আছি। এসব পয়েন্টে জরুরি ভিত্তিতে খনন করা না হলে সরাসরি জাহাজে পণ্য পরিবহন করা যাবে না। শ্রমিক না থাকায় আমাদের দিনের পর দিন অপেক্ষা করতে হয়। এতে করে কোম্পানির খরচও প্রায় দ্বিগুণ বেড়ে যায়।’
পণ্য নামানোর কাজের শ্রমিক দলের সর্দার পিন্টু মিয়া জানান, প্রয়োজনীয় শ্রমিক না পাওয়ায় তাঁদের কয়েক দিন অপেক্ষা করতে হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা অঞ্চলের উপপরিচালক সেলিম রেজা বলেন, ‘খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেব।’