নাব্যতা-সংকটের কারণে বড় ফেরি চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাব্যতা–সংকটের কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে গতকাল সোমবার সকাল থেকে বড় ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানায়, বৈরী আবহাওয়ার কারণে পদ্মা এখন উত্তাল রয়েছে। নদীতে প্রচণ্ড স্রোত ও ঢেউয়ের কারণে শিমুলিয়া ঘাট থেকে মাদারীপুরের কাওড়াকান্দি, শরীয়তপুরের মাঝিকান্দি ও কাঁঠালবাড়ি নৌপথে গত রোববার বিকেল চারটা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় গতকাল সকাল ছয়টা থেকে তা পুনরায় চালু হয়েছে।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে, উজান থেকে পানির সঙ্গে পলি এসে চ্যানেল ভরাট হয়ে গেছে। এখন ছোট ফেরি চলতে পারলেও রো রো বা বড় আকৃতির ফেরি চলতে পারছে না। রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর গতকাল সকাল সাতটায় শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে গিয়ে চ্যানেলের মাঝ বরাবর ডুবোচরে আটকা পড়ে। ওই ঘটনার পর এ চ্যানেলে বড় ফেরি বন্ধ করে দেওয়া হয়। ছোট ও মাঝারি ১১টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। চ্যানেলটি খনন না করা পর্যন্ত বড় ফেরি চলাচল সম্ভব হবে না বলে আশঙ্কা করছে ঘাট কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, বড় ফেরি বন্ধ হয়ে যাওয়ায় শিমুলিয়া ও কাওড়াকান্দি উভয় ঘাটে যানবাহনের চাপ বাড়ছে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারী বলেন, এত দিন স্রোত ও প্রচণ্ড ঢেউয়ের কারণে ফেরি চলাচল বিঘ্নিত হয়ে আসছিল। নতুন করে যুক্ত হলো নাব্যতাসংকট। চ্যানেলে খননকাজের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। খননের আগ পর্যন্ত বড় ফেরি চলাচল বন্ধ থাকবে।