নাম এসেছে ৩২ জনের, সবাই জড়িত নন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সিদ্ধিরগঞ্জ এলাকাবাসী গতকাল ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে l ছবি: প্রথম আলো
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সিদ্ধিরগঞ্জ এলাকাবাসী গতকাল ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে l ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের সাত খুনের মামলার তদন্তের বিভিন্ন প্রেক্ষাপটে এখন পর্যন্ত ৩২ জনের নাম এসেছে। তবে এঁদের সবাই অপহরণ-খুনের সঙ্গে যুক্ত নন। নূর হোসেনের কাছ থেকে নিয়মিত টাকা নিতেন এমন আটজন রাজনীতিবিদ, পুলিশ, প্রশাসনের কর্মকর্তার নামও রয়েছে এই তালিকায়। র‌্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নামও আলোচনায় আছে।
সাত খুনের মামলার দুই আসামি র‌্যাব-১১-এর সাবেক কর্মকর্তা মেজর আরিফ হোসেন ও লে. কমান্ডার এম এম রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি, র্যাব-১১-এর সাবেক অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মাদের দেওয়া তথ্য এবং আটক নূর হোসেনের ঘনিষ্ঠজনদের জিজ্ঞাসাবাদ করে এসব নাম পেয়েছেন তদন্ত-সংশ্লিষ্টরা।
তদন্তকারীরা বলছেন, সরাসরি অপহরণ ও খুনের সঙ্গে জড়িত র‌্যাবের ১৮ জন৷ একজন কর্মকর্তা বলেছেন, তাঁরা শুধু খুনের সঙ্গে যুক্তদের ব্যাপারে তথ্যপ্রমাণ সংগ্রহ করছেন। নূর হোসেন যাঁদের টাকা দিতেন বা যাঁরা নূর হোসেনের কাছ থেকে সুবিধা নিতেন, তাঁদের ব্যাপারে পুলিশ ও সরকারের উচ্চপর্যায়কে অবহিত করা হয়েছে। এ রকম ১০-১২ জনের সঙ্গে খুনের মামলার সম্পর্ক নেই। এঁরা নূর হোসেনের অবৈধ টাকার ভাগ পেতেন।
জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বলছেন, নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনতে পারলেই সব প্রশ্নের উত্তর মিলবে। তবে শিগগিরই তাঁকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয়ে আছেন কর্মকর্তারা।
পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন গতকাল বলেছেন, কীভাবে নূর হোসেনকে ফিরিয়ে আনা যায়, সে ব্যাপারে তাঁরা উদ্যোগ নিচ্ছেন।
একজন তদন্ত কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, কলকাতা পুলিশ অবৈধ অনুপ্রবেশকারীসহ কয়েকটি অভিযোগে নূর হোসেনের বিরুদ্ধে মামলা করেছে। সাত খুনের সঙ্গে নূর হোসেন জড়িত কি না, সেখানকার পুলিশ তা জানতে চেয়েছিল। জবাবে নূর হোসেন সাত খুনের সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।