চট্টগ্রাম বোর্ডে নাম ও বয়স সংশোধনী কমিটি নিয়ে জটিলতার অভিযোগ পাওয়া গেছে। এ কারণে গত বুধবার বোর্ডের নির্ধারিত সভা শুরু হয় দুই ঘণ্টা পরে। কমিটির সদস্য চন্দনাইশ বরমা কলেজের অধ্যক্ষ আবুল মনসুর মোহাম্মদ হাবিবকে কোনো কারণ ছাড়া মৌখিকভাবে কমিটি থেকে বাদ দেওয়ায় জটিলতা দেখা দেয়।বোর্ড সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টায় বোর্ডের মুরাদপুর কার্যালয়ে নাম ও বয়স সংশোধনী কমিটির সভা হওয়ার কথা ছিল। কিন্তু সে সভা শুরু হয়েছে দুপুর ১২টায়। অভিযোগ রয়েছে, সভা শুরুর এক দিন আগে গত মঙ্গলবার কমিটির সদস্য আবুল মনসুর মোহাম্মদ হাবিবকে কমিটি থেকে বাদ দেওয়ার কথা জানায় বোর্ড কর্তৃপক্ষ। তাঁর পরিবর্তে বাকলিয়া দেলোয়ার জাহান মেমোরিয়াল স্কুল ও কলেজের অধ্যক্ষ মারুফুল ইসলামকে ডেকে পাঠানো হয়। আবুল মনসুর এর প্রতিবাদ জানালে বোর্ড কর্তৃপক্ষ এ নিয়ে আবার বৈঠকে বসে। অধ্যক্ষ আবুল মনসুর বলেন, ‘আমাকে মঙ্গলবার দিন বিকেলে বোর্ড থেকে টেলিফোনে বলা হয়, কমিটি থেকে আমার নাম পরিবর্তন করা হয়েছে। পরদিন সভায় এসে এর কারণ জানতে চাইলে কেউ আমাকে কোনো সদুত্তর দিতে পারেননি।’ এদিকে কমিটির সদস্য না হয়েও সভায় উপস্থিত থাকার বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ মারুফুল ইসলাম ‘পরে কথা বলব’ বলে মুঠোফোনের সংযোগ কেটে দেন। বোর্ড সূত্রে জানা যায়, গত ৮ জানুয়ারি বোর্ডের চেয়ারম্যান তিন বছরের জন্য নতুন কমিটির সদস্যদের নাম সুপারিশ করেন। এতে বরমা কলেজের অধ্যক্ষের নাম ছিল। ১৫ জানুয়ারি বোর্ডের সচিবের সই করা চিঠির মাধ্যমে তাঁকে এ সম্পর্কে জানানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের একজন কর্মকর্তা জানান, এর আগেও কমিটির সদস্য হিসেবে মনোনয়নের পর দু-একজন বাদ দিয়ে পছন্দের লোককে আনা হয়েছে। এ ধরনের কার্যকলাপে বোর্ডের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।এ বিষয়ে জানতে গত বৃহস্পতিবার বিকেলে বোর্ডের সচিব এ কে এম ফজলুল করিম চৌধুরীর মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘এসএসসি পরীক্ষার কাজে ব্যস্ত আছি। এখন কথা বলা সম্ভব হচ্ছে না।’