নাম-ঠিকানা বদলে দ্বৈত ভোটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ১৫৬ জন ব্যক্তিকে দ্বৈত ভোটার হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন সচিবালয়। ঠিকানা, নাম ও বাবার নাম পরিবর্তন করে দুই এলাকার ভোটার হওয়ার অভিযোগ ওঠায় তাঁদের দ্বৈত ভোটার হিসেবে চিহ্নিত করা হয়েছে। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৮ সালে দুপচাঁচিয়া উপজেলায় ছয়টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ করা হয়। ওই সময় এ উপজেলায় এক লাখ ১৯ হাজার ৪০২ জন ভোটার তালিকাভুক্ত হন। এঁদের মধ্যে এ উপজেলার ১৫৬ জন ভোটার তাঁদের তথ্য গোপন করে একাধিক স্থানে ভোটার হয়েছেন। নির্বাচন কমিশন সচিবালয় প্রত্যেক ভোটারের পরিচয়পত্রের আঙুলের ছাপ পরীক্ষা করে তাঁদের দ্বৈত ভোটার হিসেবে চিহ্নিত করেছে এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এসব ভোটার এক স্থানে পূর্ণাঙ্গ নাম, আবার আরেক স্থানে শুধু ডাকনাম ব্যবহার করেছেন। অনেকেই ঠিকানা ও বাবার নাম পরিবর্তন করেছেন। এঁদের মধ্যে একজন সোহেল রানা। তিনি একই সঙ্গে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আমষট্ট গ্রাম এবং ঢাকার শাহবাগ এলাকায় ভোটার হয়েছেন। দুপচাঁচিয়ায় তাঁর ভোটার পরিচয়পত্রের নম্বর-১০২৫৭৯০০০০২৬ এবং ঢাকায় ভোটার পরিচয়পত্রের নম্বর-২৬১৪৫৪৪০০৫৩৮। আরেকজনের নাম রমজান আলী। তিনি তাঁর নিজের ও বাবার নাম পরিবর্তন করেছেন। তিনি একই সঙ্গে দুপচাঁচিয়ার তালোড়া ও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভোটার হয়েছেন। দুপচাঁচিয়ায় ভোটার তথ্য সংগ্রহের ফরমে তিনি নিজ নাম রমজান আলী ও বাবার নাম মৃত ফিরু শাহ উল্লেখ করেছেন। অন্যদিকে, উল্লাপাড়ায় তিনি নিজ নাম পরিবর্তন করে রমজান প্রামাণিক ও বাবার নাম পরিবর্তন করে মৃত পিরু প্রামাণিক লিখেছেন। দুপচাঁচিয়ায় তাঁর ভোটার পরিচয়পত্রের নম্বর-১০২৬১৩০০০০৮৩ ও উল্লাপাড়ায় পরিচয়পত্র নম্বর-৮৮১৩৯৭৭৫১২৩৬।উপজেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান জানান, ২০০৮ সালের ছবিসহ ভোটারদের মধ্যে এ উপজেলায় ১৫৬ জন ভোটার বিভিন্ন তথ্য পরিবর্তন করে একাধিক এলাকায় ভোটার হয়েছেন। নির্বাচন কমিশন সচিবালয় এসব ভোটারকে দ্বৈত ভোটার হিসেবে চিহ্নিত করেছে। মাঠপর্যায়ে তদন্তের কাজ চলছে। শিগগিরই দ্বৈত ভোটারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।