নাম-ঠিকানার গরমিল থাকায় পুলিশের তিন কনস্টেবলসহ চার বাংলাদেশিকে এখনো মুক্তি দেয়নি মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী নাসাকা।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, গতকাল রোববার মিয়ানমারের মংডু শহরের ঢেকুবনিয়ায় বিজিবি ও নাসাকার মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠক হয়। কিন্তু আটক বাংলাদেশিরা নাসাকাকে যে নাম-ঠিকানা দিয়েছেন, তার সঙ্গে বিজিবির দেওয়া নাম-ঠিকানার গরমিল থাকায় তাঁদের ছাড়তে রাজি হয়নি নাসাকা। ১৩ মার্চ বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত থেকে চার বাংলাদেশিকে আটক করে নাসাকা। তাঁরা হলেন উখিয়ার বালুখালি টিভি রিলে স্টেশনের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশের কনস্টেবল ইরফান সরকার, ইমরান হোসেন ও মুজিবুর রহমান এবং কুতুপালং বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম। তাঁদের নাসাকার ঢেকুবনিয়া ফাঁড়িতে রাখা হয়েছে।বিজিবির কর্মকর্তারা জানান, গতকাল দুপুরে মিয়ানমারের ঢেকুবনিয়ায় নাসাকা ফাঁড়িতে ওই পতাকা বৈঠক হয়। বৈঠকে আট সদস্যের বিজিবি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান। নাসাকা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন নাসাকার ৩ নম্বর সেক্টরের পরিচালক সি শেন তোরা। খালেকুজ্জামান সাংবাদিকদের বলেন, নাম ও ঠিকানার গরমিল থাকায় বৈঠকে চার বাংলাদেশিকে ছাড়তে রাজি হয়নি নাসাকা। পরে প্রকৃত নাম-ঠিকানা ও প্রমাণপত্র নাসাকাকে দেওয়া হয়েছে। কাগজপত্র যাচাই-বাছাই করে আরেকটি পতাকা বৈঠকের মাধ্যমে আটক বাংলাদেশিদের ফেরত দেওয়া হবে বলে নাসাকা তাঁদের আশ্বাস দিয়েছে। এ জন্য আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে।