নাম তার 'মান্টা রে ফিশ'

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে একটি বিরল প্রজাতির মাছ ধরা পড়েছে। গত রোববার রাতে জেলেদের জালে এটি ধরা পড়ে।
গতকাল সোমবার সকালে আলীপুরের নাইয়রিপাড়া ঘাটে মাছটি আনা হয়। এটির ওজন প্রায় ২০ মণ। দুই পাশে রয়েছে দুটি বড় পাখা। লম্বায় একেকটি প্রায় ১০ ফুট। লেজ ও মাথা আছে। দেখতে অনেকটা শাপলাপাতা মাছের মতো। স্থানীয় জেলেদের কাছে এটি ‘বাদুড় মাছ’ হিসেবে পরিচিত।
মৎস্যবন্দর আলীপুরের ব্যবসায়ী আবুল হোসেন কাজী জানান, তাঁর ট্রলারের জেলেদের জালে মাছটি ধরা পড়ে। স্থানীয় বাজারে মাছটির কোনো চাহিদা না থাকায় এক শুঁটকি ব্যবসায়ীর কাছে এটি মাত্র চার হাজার টাকায় বিক্রি করা হয়েছে। মাছটির ক্রেতা মো. আক্কাস উদ্দিন জানান, এটি শুঁটকি করার পর চট্টগ্রামে চালান করা হবে। কলাপাড়া উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম মাছটি দেখেছেন। তিনি বলেন, এটির নাম ‘মান্টা রে ফিশ’, যার বৈজ্ঞানিক নাম ‘মান্টা বিরোসট্রিস’। দেখতে শাপলাপাতা মাছের মতো হলেও জৈবিকভাবে শার্কের সঙ্গে এর মিল রয়েছে।
কামরুল ইসলাম বলেন, মাছটির দেহের পেকটোরাল ফিন এমনভাবে বিস্তৃত, যেন বিমানের পাখার মতো মনে হয়। এগুলো সাঁতার কাটার জন্য ব্যবহার করে থাকে মাছটি। মুখের দুই পাশে দুটি বাড়তি অংশ থাকায় এটাকে অনেক সময় ডেভিল ফিশও (শয়তান মাছ) বলা হয়। নাম যাই হোক, মাছটি মোটেই বিষাক্ত নয়, শার্কের মতো আক্রোশও নেই এর। মাছটি একটু গরম সামুদ্রিক পরিবেশ পছন্দ করে। এ জন্য গরম তাপমাত্রাযুক্ত উপকূলীয় অঞ্চলে মাঝেমধ্যে খাবারের খোঁজে আসে। সাধারণত আরব সাগর, লোহিত সাগর, ইন্দো-ভারতীয় সাগর, ক্যালিফোর্নিয়ান সাগর ও বঙ্গোপসাগরের গভীর অঞ্চলে এদের বসবাস।
মান্টা রে ফিশ ২৫ ফুট পর্যন্ত লম্বা ও তিন হাজার পাউন্ড পর্যন্ত ওজন হয়ে থাকে। বেঁচে থাকে ২০ বছর পর্যন্ত। এটি সাগরের অন্যতম আকর্ষণীয় মাছ।