নাম ধরে ডাকলেই নেচে ওঠে বাঘা, বাহাদুর
দেখতে সাদা, মাথা-গলায় ও শরীরে বিভিন্ন স্থানে ছোপ ছোপ কালো রং। তাই শখ করে নাম রাখা হয়েছে সাদা বাঘা, সাদা বাহাদুর। বাঘার দৈর্ঘ্য প্রায় ৯ ফুট ও উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। বয়স দুই বছর ৭ মাস। ওজন ৩০ মণ। বাহাদুরের দৈর্ঘ্য প্রায় ৯ ফুট ও উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। বয়স দুই বছর ৬ মাস। ওজন ২৮ মণ।ৎ
ষাঁড় দুটির মালিক রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের ফরিদাবাদ গ্রামের মোজাহারুল ইসলাম। তিনি এই কোরবানির ঈদে ষাঁড় দুটি বিক্রি করবেন। একেকটার দাম হাঁকছেন ৭ লাখ টাকা করে। গরু দুটি দেখতে অনেকেই প্রতিদিন ভিড় করছেন মোজাহারুলের বাড়িতে।
মোজাহারুল ইসলাম বলেন, তিনি ১০ একর জমির মালিক। ধান, পাট, আলু, সবজি করেই চলত তাঁর সংসার। ২০১০ সালে তিনি পরিবারের দুধের চাহিদা মেটাতে দেড় লাখ টাকা দিয়ে একটি ফ্রিজিয়ান জাতের গাভি কিনে পালন শুরু করেন। এখন তাঁর খামারে ২০টি গাভি। ফ্রিজিয়ান জাতের ষাঁড়ের সিমেন ব্যবহার করে কৃত্রিম প্রজননের মাধ্যমে ২০১৯ সালের জুন ও জুলাই মাসে তাঁর খামারে ষাঁড় দুটির জন্ম দেয় দুটি গাভি। জন্মের পর বাছুর দুটিকে দেশীয় পদ্ধতিতে মোটাতাজা করার প্রক্রিয়া শুরু করেন।
প্রয়োজনমতো খাবার ও পরিচর্যায় গরুর আকৃতি বাড়তে থাকে। আদর করে নাম দেন সাদা বাঘা আর সাদা বাহাদুর। দিন দিন গরু দুটির ওজন বেড়ে ২৮ মণ ও ৩০ মণে এসে দাঁড়ায়। ডিজিটাল স্কেলের মাধ্যমে পরিমাপ করে গরু দুটির ওজন নিশ্চিত হয়েছেন তিনি। গরু দুটি এ বছর ঈদুল আজহায় বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বাঘা ও বাহাদুরের খাদ্যতালিকায় রয়েছে নেপিয়ার জাতের কাঁচা ঘাস, খড়, গমের ভুসি, চালের কুঁড়া, ভুট্টা, ডালের গুঁড়া, তৈলবীজের খৈল, ছোলা ও খুদের ভাত। সব মিলিয়ে গরু দুটি প্রতিদিন গড়ে প্রায় এক হাজার টাকার খাবার খায়। শুরুর দিকে খাবার কম খেলেও দিনে দিনে খাবারের পরিমাণ বাড়ে। মাসে ৩০-৩৫ হাজার টাকা খরচ হয়েছে।
আজ রোববার মোজাহারুলের বাড়িতে গিয়ে দেখা যায়, খামারে অন্য গাভিকে খাবার দিতে ব্যস্ত তিনি। বাঘা ও বাহাদুর নামে ডাক দিতেই নেচে ওঠে ষাঁড় দুটি। মোজহারুল বলেন, ‘সন্তানের মতো করে এগুলো লালন–পালন করেছি। প্রতিদিন গোসল করিয়েছি। নিয়মমতো খাবার ও ওষুধ দিয়েছি। দীর্ঘদিন গরু দুটি পরিচর্যা করায় একধরনের মায়া জন্মেছে। ১৪ লাখ টাকা গরু দুটি বিক্রি করতে পারব বলে আশা করছি। তবে করোনাভাইরাসের কারণে ক্রেতা বাঘা ও বাহাদুরের দাম বলেছে ৮ লাখ টাকা। বিক্রির পর এদের বিদায় দিতে হবে ভাবতেই কষ্ট লাগে।’
ফরিদাবাদ গ্রামের বাসিন্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বায়েজিদ বোস্তামী বলেন, মোজাহারুলের ষাঁড় দুটির খবর আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ায় এখন ষাঁড় দুটি দেখতে অনেকেই মোজাহারুলের বাড়িতে আসছেন। তিনি ষাঁড় দুটির দাম ১৪ লাখ টাকা চেয়েছেন। কিন্তু তারাগঞ্জে এত দাম দিয়ে গরু কেনার মানুষ খুব একটা নেই। ঢাকার কোনো ব্যবসায়ী ষাঁড় দুটি দেখলে হয়তো মোজাহারুল কাঙ্ক্ষিত দাম পেতেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ নোমান বলেন, ‘মোজাহারুল আমাদের পরামর্শে নিজের বাড়িতেই বাঘা ও বাহাদুরকে লালন–পালন করেছেন। ষাঁড় দুটিকে আমি দেখেছি। বাঘা ও বাহাদুর উপজেলার সবচেয়ে বড় ষাঁড়।’