নাম-পরিচয়হীন শিশু নিয়ে বিপাকে
নওগাঁর সাপাহারে বাক্প্রতিবন্ধী নাম-পরিচয়হীন এক শিশুকে (৮) নিয়ে বিপাকে পড়েছে একটি পরিবার। সাপাহারে এক মাদ্রাসাশিক্ষকের জিম্মায় থাকা বোবা শিশুটি তাঁর পরিবারের কাছে ফিরে যাওয়ার জন্য কান্নাকাটি করছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর সন্ধ্যার দিকে উপজেলা সদরের খঞ্জনপুর মোড়ে অজ্ঞাতপরিচয় প্রায় আট বছরের ওই শিশুর কান্নাকাটি দেখে স্থানীয় ব্যক্তিরা তাকে থানায় নিয়ে যান। থানা-পুলিশ এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করে প্রথমে শিশুটিকে স্থানীয় গ্রাম্য চিকিৎসক নিয়ামত আলীর জিম্মায় দেয়। পরে শিশুটিকে বাখরপুর মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জসিম উদ্দীনের জিম্মায় দেওয়া হয়। এরপর ১৫ দিন পার হলেও শিশুটির খোঁজে কোনো অভিভাবক না আসায় বিপাকে পড়েছে ওই পরিবার। বর্তমানে চঞ্চল প্রকৃতির ওই শিশুটি তাঁর পরিবারের সান্নিধ্য পাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে। শিশুটির উচ্চতা প্রায় ৩ ফুট, গায়ের রং কালো, কুড়িয়ে পাওয়ার সময় শিশুটির পরনে লাল গেঞ্জি, চেক লুঙ্গি ও গলায় একটি পিতলের চেইন ছিল বলে জানা গেছে।
মাদ্রাসাশিক্ষক জসিম উদ্দিন বলেন, শিশুটিকে নিয়ে তিনি চরম বিপাকে পড়েছেন। প্রকৃত অভিভাবকেরা শিশুটির খোঁজে না এলে নিরূপায় হয়ে শিশুটিকে সরকারের চিলড্রেন সেফ হোমে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেবেন তিনি।
এ ব্যাপারে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান চৌধুরী বলেন, ২ অক্টোবর নাম-পরিচয়হীন শিশুটিকে পাওয়া যায়। শিশুটি বর্তমানে একজনের জিম্মায় রয়েছে। কিন্তু এখন পর্যন্ত কেউ তার খোঁজে আসেনি। আর দুই-তিন দিনের মধ্যে তার অভিভাবকের খোঁজ পাওয়া না গেলে শিশুটিকে সরকারের চিলড্রেন সেফ হোমে দিয়ে দেওয়া হবে।