নাম-পরিচয় গোপন করে বিয়ে চার দিন পর তালাক এবং...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স ৩৩-৩৪। নিজেকে কথিত অনীক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হিসেবে পরিচয় দেন। মাস্টার্স পাস বলে দাবি করেন। তবে নিজের নাম কোথাও বলেন আতিকুর রহমান ওরফে রনি, আবার কোথাও রিপন মাতব্বর ওরফে রনি।কথিত অনীক গ্রুপের চেয়ারম্যান রনি সখ্য গড়ে তোলেন চট্টগ্রাম নগরের নাছিরাবাদ মহিলা কলেজের স্নাতক প্রথম বর্ষের এক ছাত্রীর সঙ্গে। ওই ছাত্রীর কাছে নিজেকে রিপন মাতব্বর রনি নামে এবং অবিবাহিত বলে পরিচয় দেন। তাঁর সঙ্গে গড়ে তোলেন প্রেমের সম্পর্ক। ছাত্রীর পরিবার বিষয়টিকে ভালোভাবে না নিলেও গত ১২ জানুয়ারি আদালতে গিয়ে বিয়ে করেন তাঁরা। পরে রনি বিবাহিত জেনে ওই ছাত্রী বিয়ের চার দিন পর ১৬ জানুয়ারি তাঁকে তালাক দেন। এরপর রনি তাঁর বাসায় ডাকাতির অভিযোগ এনে ওই ছাত্রীর ভাই মোহাম্মদ ইউসুফকে ডাকাতি মামলার আসামি করেন। ইউসুফ একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা।জানা গেছে, চট্টগ্রাম নগরের খুলশি এলাকায় নাছিরাবাদ মহিলা কলেজের পাশে অনীক ট্রেডিং করপোরেশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান আছে। এ প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি নগরের বিভিন্ন বাসাবাড়িতে স্যানেটারি পাইপ, কমোড, বেসিন সরবরাহ ও ফিটিংসের কাজ করান।জানা গেছে, ১২ জানুয়ারি বিয়ে করে দুজন ছাত্রীর বাসায় যান। বাধ্য হয়ে অভিভাবকেরা নতুন দম্পতিকে গ্রহণ করেন। এরপর রনিকে বলা হয় তাঁর বাবাকে খবর দিতে। তিনি ব্যবসা প্রতিষ্ঠানের লোকজন বিদায় করার কথা বলে বিয়ের প্রথম রাতেই শ্বশুরবাড়ি থেকে চলে যান। এরপর আর তিনি ওই বাসায় যাননি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছাত্রীর অভিভাবকেরা খোঁজ নিয়ে জানতে পারেন, রনি আসলে একজন স্যানেটারি মিস্ত্রি। তিনি বিবাহিত এবং তাঁর দুই সন্তান আছে। তাঁর নাম রিপন মাতব্বর নয়, আতিকুর রহমান।রনির দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, ইউসুফ আরেকজনকে নিয়ে গত ৫ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটার দিকে অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর বাসা থেকে ১১ ভরি স্বর্ণালংকার ও নগদ ৮০০ টাকা লুট করেন। আতিকুর রহমান ওরফে রিপন মাতব্বর ওরফে রনি গতকাল বিকেলে প্রথম আলোর কাছে দাবি করেন, ‘আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমার আমদানি-রপ্তানির ব্যবসা আছে।’ তবে কী ধরনের আমদানি-রপ্তানি ব্যবসা—তা তিনি বলতে পারেননি। তবে তিনি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন বলে স্বীকার করেন।নাম-পরিচয় গোপন করে এবং প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করার বিষয়ে জানতে চাইলে রনি বলেন, ‘আমি বিয়ে করতে চাইনি, ওই ছাত্রীর চাপে করেছি।’ মাস্টার্স পাস পরিচয় দিয়ে ওই ছাত্রীকে বিভ্রান্ত করার ব্যাপারে রনি বলেন, ‘আমি মাস্টার্স পাস বলেছি, কিন্তু ও বিশ্বাস করলা কেন। দুই ধরনের নামে পরিচয় দেওয়ার বিষয়ে তিনি বলেন, ভোটার আইডি কার্ডের কারণে এই বিভ্রান্তি হয়েছে।বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন বলেন, রনি প্রতারক বলে মনে হচ্ছে। কারণ তিনি নিজের নাম এবং স্ত্রী-সন্তান থাকার বিষয়টি গোপন করে কলেজছাত্রীকে ফুঁসলিয়ে বিয়ে করেন। এরপর ওই ছাত্রীর ভাইয়ের বিরুদ্ধে ডাকাতির মামলা দেন। এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।