নাম পুনর্বহালের দাবিতে রিট করায় দুই শিক্ষক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারীকরণের তালিকায় কলেজের নাম পুনর্বহালের দাবিতে আদালতে রিট করায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মীর মশাররফ হোসেন কলেজের দুজন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে কলেজের ব্যবস্থাপনা কমিটি।
ওই দুই শিক্ষক হলেন ইংরেজি বিভাগের শিক্ষক আরিফ উদ্দিন এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষক শাহজালাল। গত বৃহস্পতিবার কলেজের ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের বরখাস্ত করা হয়।
কলেজ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি সরকারীকরণের তালিকায় মীর মশাররফ হোসেনের কলেজের নাম অন্তর্ভুক্ত করা হয়। পরে ২৪ জুলাই কলেজটির নাম বাদ দেওয়া হয়। এর পরিবর্তে বালিয়াকান্দি কলেজের নাম ঘোষণা করা হয়। মীর মশাররফ হোসেন কলেজের নাম পুনর্বহালের দাবিতে ২২ আগস্ট উচ্চ আদালতে রিট আবেদন করা হয়। এতে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, জ্যেষ্ঠ অতিরিক্ত সচিব, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিচালক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অতিরিক্ত পরিচালক (কলেজ-২) এবং বালিয়াকান্দি কলেজকে প্রতিপক্ষ করা হয়। ৩০ আগস্ট আদালত এ ব্যাপারে তিন মাসের স্থগিতাদেশ দেন।
কলেজ সূত্র জানায়, বৃহস্পতিবার দ কলেজের ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সাংসদ এবং কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জিল্লুল হাকিম। সভায় বলা হয়, আরিফ উদ্দিন ব্যবস্থাপনা কমিটির অনুমতি ছাড়াই উচ্চ আদালতে রিট করেছেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল হোসেন খান বলেন, সাধারণত বরখাস্ত করার আগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এ ক্ষেত্রে তা করা হয়নি। আর কলেজের সব শিক্ষক-কর্মচারী প্রতিষ্ঠানটি সরকারীকরণের জন্য চেষ্টা করছেন। সাংসদ মহোদয় কোন নিয়মে তাঁদের বরখাস্ত করেছেন সেটি তিনি (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) বলতে পারবেন না।
সাংসদ জিল্লুল হাকিম বলেন, সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে রিট করতে ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তের প্রয়োজন হয়। কিন্তু ওই শিক্ষক কোনো সিদ্ধান্ত ছাড়াই রিট করেছেন। অপর শিক্ষক এ ঘটনায় সহায়তা করেছেন। এ ঘটনায় অন্য যাঁরা যুক্ত রয়েছেন তদন্তের মাধ্যমে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে বক্তব্য জানতে ফোন করা হলে ওই দুই শিক্ষকের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।