নতুন নির্বাচন কমিশনার নিয়োগের জন্য নামের সংক্ষিপ্ত তালিকা তৈরি করছে অনুসন্ধান কমিটি। তাদের হাতে এখন বেশ কয়েকটি নাম। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে রাজনৈতিক দলগুলো নাম দিয়েছে। কমিটিও নিজ বিবেচনায় যোগ্যদের নাম সংগ্রহ করেছে।গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট ভবনের জাজেজ লাউঞ্জে অনুসন্ধান কমিটির তৃতীয় সভায় প্রাপ্ত নাম পর্যালোচনা করা হয়। সভার পর জানতে চাইলে কমিটির সদস্য মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক আহমেদ আতাউল হাকিম সাংবাদিকদের বলেন, ‘আমরা বেশ কিছু নাম পেয়েছি। দু-এক দিনের মধ্যে সংক্ষিপ্ত তালিকা তৈরি করব।’অনুসন্ধান কমিটির কার্যপরিধি অনুযায়ী কমিটি প্রধান নির্বাচন কমিশনারসহ বাকি কমিশনার নিয়োগের জন্য প্রতিটি পদের জন্য দুজন ব্যক্তির নাম রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করবে।অনুসন্ধান কমিটির সাচিবিক দায়িত্ব পালনকারী মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকালের সভায় বিবেচ্য ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে পরবর্তী সভায় উপস্থাপন এবং পর্যালোচনা করা হবে বলে সিদ্ধান্ত হয়। একটি সূত্র জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবারই কমিটির পরবর্তী সভা হবে। আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের অনুসন্ধান কমিটির সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান এ টি আহমেদুল হক চৌধুরী এবং মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক আহমেদ আতাউল হাকিম।গত ২৫ জানুয়ারি অনুসন্ধান কমিটির প্রথম সভায় সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশন গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাওয়া হয়। গতকাল ছিল নাম জমা দেওয়ার শেষ দিন। প্রধান বিরোধী দল বিএনপি আগেই জানিয়ে দিয়েছিল তারা নাম দেবে না।