নাম ফিরে পেতে আদালতে ২২ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ বলেন ‘ফকিরহাট কলেজ’, আবার কেউ ডাকেন ‘কাজী আজাহার আলী কলেজ’ নামে। নাম নিয়ে বিড়ম্বনার শুরু ১৯৮৬ সালে। এ নিয়ে আইনি লড়াই গড়িয়েছে আদালত পর্যন্ত। তবু ২২ বছরেও (২০১৪ পর্যন্ত) নাম ফিরে পায়নি কলেজটি।
নিম্ন আদালত থেকে ‘ফকিরহাট কলেজ’ নামকরণের পক্ষে দুটি রায় পেয়েছে বাদীপক্ষ। সাত বছর ধরে উচ্চ আদালতে নিষ্পত্তির অপেক্ষায় মামলাটি। বর্তমানে এই কলেজে শিক্ষার্থী আড়াই হাজার।
কলেজের অধ্যক্ষ শেখ খায়রুল আলম বলেন, ‘আমরা ‘‘ফকিরহাট কলেজ’’ নামকরণ বহাল রাখতে চেয়েছিলাম। আমরা তা পেয়েছিও। কিন্তু এখন বিবাদীপক্ষ উচ্চ আদালতে উদ্দেশ্যমূলক সময়ক্ষেপণ করছে। ফলে কলেজের উন্নয়ন, প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের নাম নিয়ে বিব্রত। আমরা বিষয়টির দ্রুত নিষ্পত্তি চাই।’
এলাকাবাসীর সঙ্গে কথা বলে এবং কলেজ দপ্তর থেকে জানা গেছে, ১৯৬৯ সালে কলেজটি স্থাপিত হয়। শুরু থেকে এর নাম ছিল ‘ফকিরহাট কলেজ’। তখন থেকে আশির দশক পর্যন্ত স্থানীয় মানুষ ও ফকিরহাট বাজারের ব্যবসায়ীদের দেওয়া চাঁদার টাকায় কলেজের ব্যয় নির্বাহ হয়েছে।
ফকিরহাট উপজেলার বাসিন্দা কাজী আজাহার আলী এরশাদ সরকারের আমলে স্বরাষ্ট্রসচিব ও শিক্ষাসচিব পদে কর্মরত ছিলেন। ১৯৮৬ সালে কলেজের তৎকালীন সভাপতি ও বাগেরহাটের জেলা প্রশাসক এই কলেজের নাম পরিবর্তন করে ‘কাজী আজাহার আলী কলেজ’ নামকরণ করেন।
১৯৯২ সালে সরকারি বিধি উপেক্ষার অভিযোগ তুলে নতুন নামকরণের ওপর নিষেধাজ্ঞা এবং প্রতিষ্ঠানটির নাম ‘ফকিরহাট কলেজ’ পুনর্বহাল রাখার দাবিতে বাগেরহাট আদালতে মামলা করা হয়। কলেজের প্রতিষ্ঠাকালীন কমিটির সদস্য ও বর্তমান ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেখ আলী আহম্মদ বাদী হয়ে কাজী আজাহার আলীসহ ১৮ জনের বিরুদ্ধে এই মামলা করেন।
মামলার নথি অনুযায়ী, বাগেরহাট সদরের জ্যেষ্ঠ সহকারী জজ আদালতের বিচারক মো. মাসুদুর রহমান ১৯৯৯ সালে ফকিরহাট কলেজের ‘কাজী আজাহার আলী কলেজ’ নামকরণ অবৈধ উল্লেখ করে ডিক্রি দেন। তিনি ওই নামকরণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। বিবাদীপক্ষের আরজি শুনানি শেষে ২০০৬ সালে বাগেরহাটের যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতেও ওই ডিক্রি ও রায় বহাল থাকে।
কাজী আজাহার আলীর আইনজীবী কাজী জাফরুল্লাহ চৌধুরী ওই রায়ের বিরুদ্ধে ২০০৭ সালের ২৬ এপ্রিল উচ্চ আদালতে আপিল করেন। বাদী শেখ আলী আহম্মদ বলেন, ‘বিবাদীরা নিয়মবহির্ভূতভাবে ও ক্ষমতার অপব্যবহার করে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করেছিলেন। আদালত বিচার-বিশ্লেষণ করে মামলার উপযুক্ত আদেশ দেন। ফলে “ফকিরহাট কলেজ” নামকরণ বহাল রাখতে আমার নালিশি আবেদনটি যথার্থ প্রমাণিত হয়।’
এ বিষয়ে কথা বলতে যোগাযোগের চেষ্টা করে জানা গেছে, কাজী আজাহার আলীর স্বজনেরা বিদেশে আছেন। ফকিরহাটে বসবাসরত তাঁর ছোট ভাই ফরহাদ কাজীর মুঠোফোনে ফোন করলেও তিনি ধরেননি।