নাম বদলে আসামির আত্মগোপন, প্রায় দুই বছর পর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী থানার একটি হত্যা মামলার আসামি মো. ফোরকান। হত্যাকাণ্ডের পরই গা ঢাকা দিয়েছিলেন তিনি। এমনকি নাম পরিবর্তন করে অন্য জেলায় গিয়ে ব্যবসা খুলে বসেন ফোরকান। কিন্তু শেষরক্ষা হয়নি। ঘটনার প্রায় দুই বছর পর গত সোমবার দিবাগত রাতে কক্সবাজার শহর থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পরিবার সূত্র জানায়, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাজিরহাট রেলস্টেশনের অবসরপ্রাপ্ত মাস্টার রমানন্দ পালিত চাকরি থেকে অবসর নেওয়ার পর মো. ফোরকানকে পাঁচ লাখ টাকা ধার দেন। কিন্তু ছয় মাসেও কোনো টাকা ফেরত না দেওয়ায় ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি নাজিরহাটের বাসা থেকে নাজিরহাটের কলেজ রোডে ফোরকানের হার্ডওয়্যারের দোকানে যান রমানন্দ পালিত। কিন্তু সন্ধ্যায়ও বাসায় না ফেরায় পরিবারের লোকজন বিষয়টি পুলিশকে জানান। পুলিশ সেদিন সন্ধ্যায় ফোরকানের দোকানের পেছনের গুদাম থেকে রমানন্দের মাটি চাপা দেওয়া লাশ উদ্ধার করে। এ ঘটনায় রমানন্দ পালিতের জামাতা বিপ্লব খাস্তগীর হাটহাজারী থানায় হত্যা মামলা করেন। মামলায় শুধু ফোরকানকে আসামি করা হয়।
মামলাটি প্রথমে তদন্ত করে হাটহাজারী থানার পুলিশ। গত বছরের ১৪ ফেব্রুয়ারি পিবিআই তদন্ত শুরু করে।
গতকাল বিকেলে চট্টগ্রাম নগরের খুলশীতে পিবিআইয়ের কার্যালয়ে আসামি মো. ফোরকান প্রথম আলোকে বলেন, পাওনা টাকা দিতে না পারায় তিনি স্টেশনমাস্টারকে দা দিয়ে গলা কেটে হত্যা করেন। পরে লাশটি তাঁর দোকানের পেছনে মাটি চাপা দিয়ে রাখেন। ঘটনা জানাজানি হওয়ায় তিনি প্রথমে পালিয়ে চট্টগ্রামের লোহাগাড়ায় গিয়ে একটি রেস্তোরাঁয় চাকরি নেন। সেখানে নিজের পরিচয় দেন মো. মামুন হিসেবে। ছয় মাস আগে কক্সবাজার শহরের এন্ডারসন রোড এলাকায় একটি কলার দোকান দেন। থাকতেন পাশের একটি মেসে। সেখানেও তাঁকে সবাই মামুন নামে চিনতেন।
পিবিআইয়ের চট্টগ্রামের পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান জানান, প্রযুক্তির সহায়তা নিয়ে ফোরকানের অবস্থান শনাক্ত করে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফোরকান স্বীকার করেছেন, পাওনা পাঁচ লাখ টাকা না দিতে তিনি অবসরপ্রাপ্ত স্টেশনমাস্টার রামানন্দ পালিতকে খুন করেন।
এদিকে স্বামী হত্যা মামলার আসামিকে গ্রেপ্তারের খবর পেয়ে নাজিরহাট থেকে নগরের খুলশীতে পিবিআইয়ের কার্যালয়ে ছুটে আসেন বৃদ্ধা ডলি পালিত। তিনি বলেন, ‘স্বামী ও টাকা হারিয়েছি। দুই বছর ধরে শুধু চোখের পানি ঝরেছে।’ তিনি আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।