নাম বিভ্রাটে কারাবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনের নামই রাজু আহমেদ। পিতার নামও এক। ইদ্রিস আলী। বাড়িও একই গ্রামে। পার্থক্য উপাধিতে। একজন বিশ্বাস। অপরজন মোড়ল। এই মিলের কারণে রাজুু বিশ্বাসের পরিবর্তে রাজু মোড়লকে ২৪ দিন কারাগারে কাটাতে হয়েছে। এ ঘটনা যশোরের অভয়নগর উপজেলার। পারিবারিক সূত্র জানায়, উপজেলার ধোপাদী গ্রামের ইদ্রিস আলী বিশ্বাসের ছেলে রাজু আহমেদ বিশ্বাসের সঙ্গে কাদিরপাড়া গ্রামের আবুল কালামের মেয়ে মুসলিমা আক্তারের বিয়ে হয় ২০০৭ সালে। ২০০৮ সালের ২৩ জুন যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতনের অভিযোগে স্বামী-শ্বশুরের বিরুদ্ধে যশোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে (‘খ’ অঞ্চল) মামলা করেন (মামলা নং সিআর-৩৫১/০৮) মুসলিমা। কিন্তু আসামিরা কখনো আদালতে হাজির হননি। ২০১০ সালের ৩ নভেম্বর আদালত রাজু বিশ্বাসকে দুই বছর সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডাদেশ দেন। ইদ্রিস বিশ্বাসকে অব্যাহতি দেওয়া হয়। পরে রাজু বিশ্বাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। সর্বশেষ গত ১১ এপ্রিল রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তারে ধোপাদী গ্রামে অভিযান চালায়। তবে রাজু বিশ্বাসের পরিবর্তে রাজু মোড়লকে ধরে এনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ৩ মে মামলার বাদী মুসলিমা আদালতে হাজির হয়ে রাজু মোড়ল তাঁর স্বামী নন বলে নিশ্চিত করলে আদালত তাঁকে জামিন দেন। ৪ মে তিনি মুক্তি পান। মুসলিমা অভিযোগ করেন, ‘থানায় গ্রেপ্তারি পরোয়ানা এসে পড়ে আছে আগে থেকেই। কিন্তু পুলিশ আসামি রাজুকে ধরছে না। ধরেছে অন্য রাজুকে। অভয়নগর থানার ওসি আহসান হাবিব প্রথম আলোকে বলেন, দুজনের নাম ও বাবার নাম এক হওয়ায় পুলিশ ভুলে রাজু মোড়লকে গ্রেপ্তার করে। পরে তিনি নিজে আদালতে গিয়ে ভুলের বিষয়টি তুলে ধরেন। আসামি রাজু বিশ্বাসকে গ্রেপ্তার করা হবে বলেও তিনি জানান।