নাম বিভ্রাটে কৃষক হাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা অপরাধে এক সপ্তাহ ধরে হাজত খাটছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার তেঘরি তালুকদার পাড়া গ্রামের এক কৃষক। একটি মামলার আসামি ধরতে গিয়ে কামারখন্দ থানার পুলিশ নিরপরাধ এ কৃষককে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
গ্রেপ্তার ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, তেঘরি তালুকদার পাড়া গ্রামের আব্দুর রাজ্জাক চাকরি দেওয়ার কথা বলে একটি মেয়েকে ঢাকায় নিয়ে যান। ঢাকায় একটি পোশাক কারখানায় মেয়েটির চাকরি হয়। একপর্যায়ে রাজ্জাকের সঙ্গে মেয়েটির সম্পর্ক হয়। পরে বিয়ের জন্য রাজ্জাককে চাপ দেন মেয়েটি। রাজ্জাক বিয়েতে রাজি না হওয়ায় ২০১২ সালে তাঁর বিরুদ্ধে সিরাজগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই মেয়ে। মামলায় হাজিরা না দেওয়ায় রাজ্জাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। গত ২৯ ডিসেম্বর তেঘরি তালুকদার পাড়া গ্রামে যায় পুলিশ। কিন্তু আসামি রাজ্জাককে না পেয়ে পুলিশ গ্রামের বাহাদুর আলীর ছেলে কৃষক আব্দুর রাজ্জাককে থানায় দেখা করতে বলে। পরদিন কৃষক রাজ্জাক থানায় দেখা করতে গেলে পুলিশ তাঁকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। সেই থেকে বিনা অপরাধে হাজতবাস করছেন কৃষক রাজ্জাক।
রাজ্জাকের ভাই সাজ্জাদ হোসেন মুঠোফোনে বলেন, একই নাম হওয়ায় অপরাধী না হয়েও তাঁর ভাই হাজত খাটছেন। গতকাল বুধবার ওই মামলার বাদী আদালতে উপস্থিত হয়ে বলেছেন, গ্রেপ্তার রাজ্জাক মামলার আসামি নন। প্রকৃত আসামি তেঘরি গ্রামের বাহাজ আলীর ছেলে আব্দুর রাজ্জাক।
কামারখন্দ থানার ওসি বাবুল সর্দার বলেন, গ্রামের চৌকিদারের দেওয়া তথ্য অনুযায়ী, আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে।