নাম ভুল থাকায় ফের সম্পূরক অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্র গতকাল বুধবার আবার আদালতে জমা দেওয়া হয়। এর আগে মামলার আসামিদের মধ্যে একজনের বাবার নাম ও ঠিকানায় ভুল থাকায় আদালত আবার এ সম্পূরক অভিযোগপত্র দাখিলের নির্দেশ দিয়েছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সিলেটের সদ্য বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের সদ্য বরখাস্ত মেয়র জি কে গউছসহ ৩৫ জনকে অভিযুক্ত করে গত বছরের ১৩ নভেম্বর তৃতীয় সম্পূরক অভিযোগপত্র জমা দেওয়া হয়। এর মধ্যে গত ২১ ডিসেম্বর হারিছ চৌধুরীসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ছিল এই মামলার শুনানির নির্ধারিত তারিখ। এ সময় প্রথম অভিযোগপত্রের ১০ নম্বর আসামি মহিবুর রহমানের বাবার নাম ও ঠিকানা ভুল ছিল। এ কারণে আদালত ওই দিন তাঁর মালামাল ক্রোকের নির্দেশ দিতে পারেননি। ওই দিন মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক শামসাদ বেগম ওই আসামির বাবার নাম ও ঠিকানা শুদ্ধ করে সম্পূরক অভিযোগপত্র দাখিলের নির্দেশ দেন।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে আওয়ামী লীগের স্থানীয় এক জনসভায় গ্রেনেড হামলায় কিবরিয়া নিহত হন। একই ঘটনায় আওয়ামী লীগের স্থানীয় চার নেতা-কর্মীও নিহত হন। আহত হন ৭০ জন।
এ হত্যাকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক (বর্তমানে সাংসদ) আবদুল মজিদ খান বাদী হয়ে পরদিন ২৮ জানুয়ারি হবিগঞ্জ সদর থানায় মামলা করেন।