নাম যাচাই-বাছাই করতে বসেছে অনুসন্ধান কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন,বিচারপতি ওবায়দুল হাসান,সিএজি মাসুদ আহমেদ,পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক,অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, অধ্যাপক শিরীণ আখতার
বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন,বিচারপতি ওবায়দুল হাসান,সিএজি মাসুদ আহমেদ,পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক,অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, অধ্যাপক শিরীণ আখতার

নির্বাচন কমিশনের জন্য নাম যাচাই-বাছাই করতে বৈঠকে বসেছেন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে গঠিত অনুসন্ধান কমিটি। আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক শুরু হয়। এটি কমিটির নিজেদের মধ্যে তৃতীয় বৈঠক।

এরই মধ্যে রাজনৈতিক দলগুলো থেকে পাওয়া প্রস্তাব থেকে অনুসন্ধান কমিটি ২০ জনের সংক্ষিপ্ত তালিকা করেছে। তাঁদের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার লক্ষ্যে আজকের এ বৈঠক।

নাম প্রকাশ না করার শর্তে অনুসন্ধান কমিটির একজন সদস্য গতকাল প্রথম আলোকে বলেছিলেন, ৭ বা ৮ ফেব্রুয়ারি ১০ জনের নামের তালিকাসহ সুপারিশ রাষ্ট্রপতির কাছে জমা দেবেন তাঁরা।

আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে অনুসন্ধান কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীণ আখতার।

নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি গঠিত অনুসন্ধান কমিটি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাঁচজন করে নাম দিতে বলেছিলেন। এর পর ২৫টি দল নাম জমা দেয়। সেখানে ১২৫টি নাম থেকে ২০ জনের সংক্ষিপ্ত একটি তালিকা করে অনুসন্ধান কমিটি।