নাম যায়নি, তবু মনোনয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সাংসদের বিরোধিতার পরও গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল্যাহ আল মামুন। স্থানীয় সাংসদ মন্জুরুল ইসলাম লিটনের গুলিতে শিশু সৌরভ আহত হলে বিচারের দাবিতে এলাকায় চলা আন্দোলনের বড় একটি অংশের নেতৃত্ব দেন বর্তমান মেয়র মামুন।
জেলা আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, দলীয় মনোনয়ন দেওয়া নিয়ে গত ৩০ নভেম্বর সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহারিয়া খানের বাসভবনে এক রুদ্ধদ্বার মতবিনিময় সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শামস-উল-আলম। সভায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মন্জুরুল ইসলাম লিটন এবং অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগ আয়োজিত ওই সভায় উপস্থিত নেতা-কর্মীরা মেয়র পদে মনোনয়ন নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। তাই সুন্দরগঞ্জ পৌরসভার পাঁচজন প্রার্থীর জীবনবৃত্তান্ত কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়। সেই তালিকায় আবদুল্যাহ আল মামুনের নাম ছিল না। কিন্তু কেন্দ্রীয় কমিটি আবদুল্যাহ আল মামুনকেই মেয়র পদে দলীয় মনোনয়ন দিয়েছে।
এ প্রসঙ্গে বর্তমান মেয়র আবদুল্যাহ আল মামুন অভিযোগ করেন, ‘গত ২ অক্টোবর সাংসদ লিটনের গুলিতে সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ গ্রামের শিশু শাহাদাত হোসেন সৌরভ আহত হয়। এই ঘটনার বিচারের দাবিতে আমার নেতৃত্বে গণস্বাক্ষর সংগ্রহ, মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে সাংসদ স্থানীয়ভাবে আমাকে দলীয় মনোনয়ন দিতে বিরোধিতা করেন।’ তিনি আরও বলেন, ‘আমি বর্তমান মেয়র। অথচ দলীয় মনোনয়নের জন্য সাংসদ আমার নাম কেন্দ্রে পাঠাননি। কিন্তু কেন্দ্রীয় কমিটি ঠিকই আমার মূল্যায়ন করেছে।’
এ বিষয়ে কথা বলতে গতকাল শুক্রবার মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংসদ লিটন বলেন, ‘আমি আবদুল্যাহ আল মামুনের বিরোধিতা করিনি। তিনি মেয়র পদে নির্বাচনের জন্য উপজেলা আওয়ামী লীগের কাছে প্রস্তাবই দেননি। তাই তাঁর নাম কেন্দ্রে পাঠানো হয়নি। বরং তিনি বিএনপি-জামায়াতের সঙ্গে আঁতাত করে তাদের ভোট নেওয়ার জন্য স্বতন্ত্র প্রার্থী হওয়ার পরিকল্পনা করছিলেন।’
আঁতাত করার বিষয়ে আবদুল্যাহ আল মামুন বলেন, সাংসদের অভিযোগটি একেবারে ভিত্তিহীন।