নামকরণ বঙ্গবন্ধুর নামে করতে গণস্বাক্ষর সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকায় নতুন ভবনে স্থানান্তরিত হওয়া আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি তিব্বিয়া কলেজের ইউনানি মেডিকেল কলেজ ও হাসপাতালের নামকরণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করার দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ শুরু হয়েছে। গতকাল রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত কলেজ প্রাঙ্গণে নামকরণ বাস্তবায়ন কমিটি এই স্বাক্ষর সংগ্রহ শুরু করে। তিন দিন গণস্বাক্ষর সংগ্রহ করার পর প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে।
আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানটি ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়। নগরের চালিবন্দর এলাকা থেকে শাহজালাল উপশহর এলাকায় নতুন ভবনে প্রতিষ্ঠানটি স্থানান্তর হয় ২০১২ সালের ২২ ডিসেম্বর। নতুন ভবন নির্মাণকালে ২০১০ সালে প্রতিষ্ঠানটির নতুন একটি নামকরণ প্রস্তাব করে সাইনবোর্ড সাঁটান কলেজ ছাত্রসংসদের নেতারা। তিব্বিয়া কলেজ থাকার সময়ে প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ প্রয়াত বশিরুল হক চৌধুরীর নামে ‘বশিরুল হক ইউনানি মেডিকেল কলেজ ও হাসপাতাল’ সাইনবোর্ড স্থাপন করা হয়েছিল। এ নিয়ে ২০১০ সালের ২১ জুলাই প্রথম আলোয় ‘নতুন ভবনে পাল্টে গেল নাম!’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হলে পরে নামকরণ তৎপরতা বন্ধ হয়।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, এ ঘটনার প্রায় ছয় বছর পর আবার বশিরুল হক চৌধুরীর নামে পুরো প্রতিষ্ঠানটির নামকরণ করার চেষ্টা শুরু হলে এবার কলেজ ছাত্র সংসদসহ এলাকাবাসী ও প্রতিষ্ঠানসংশ্লিষ্ট লোকজন সেই নামকরণের বিরোধিতা করেন। তাঁরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণের দাবি তুলে ‘নামকরণ বাস্তবায়ন কমিটি’ গঠন করেন। গতকাল এই কমিটিই গণস্বাক্ষর সংগ্রহের মধ্য দিয়ে তাদের কর্মসূচি শুরু করেছে।
সকাল থেকে বিকেল পর্যন্ত ৯০০ জনের স্বাক্ষর সংগ্রহ করা হয়। এর আগে নামকরণ বাস্তবায়ন কমিটির উদ্যোগে এক সভা হয়। কমিটির সভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ সেলিমের সভাপতিত্বে এ সভায় কমিটির উপদেষ্টা নজরুল ইসলাম, কামাল উদ্দিন, জালাল উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।