নামকাওয়াস্তে নবগঙ্গার ভাঙনরোধের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া উপজেলার নোয়াগ্রাম এলাকায় নবগঙ্গা নদীর ভাঙনরোধে বালুভর্তি বস্তা (জিও ব্যাগ) ফেলা হচ্ছে। কিন্তু নামকাওয়াস্তে জিও ব্যাগ ফেলে ভাঙনরোধের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, বর্ষায় প্রবল স্রোতে বস্তাগুলো ভেসে যাবে এবং ভাঙন আরও প্রকট হবে।ভাঙনকবলিত এলাকার বাসিন্দা নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বলেন, জিও ব্যাগ ফেলার কাজেও নিম্নমানের স্থানীয় বালু ব্যবহার করা হচ্ছে। কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশে সংশ্লিষ্ট ঠিকাদার নির্ধারিত সংখ্যার চেয়ে কমসংখ্যক বস্তা ভাঙনকবলিত স্থানে ফেলছেন। ফলে আসন্ন বর্ষা মৌসুমে প্রবল স্রোতে বাঁধের ঝুঁকিপূর্ণ অংশ নদীতে বিলীন হয়ে আবারও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এতে বাঁধসংলগ্ন পাঁচটি গ্রামের প্রায় তিন হাজার পরিবারের ফসলি জমি, মাছের ঘের ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। বাঁধ ভেঙে গেলে পাঁচটি ইউনিয়নের আরও প্রায় ১০ হাজার পরিবার জলাবদ্ধতার শিকার হবে। ভাঙন এলাকায় সিসি ব্লক স্থাপন করে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা না হলে কোনো লাভ হবে না।শুক্রবার সরেজমিনে দেখা গেছে, ভাঙন এলাকায় নৌকায় করে বালুর বস্তা ফেলা হচ্ছে। বেশির ভাগ বস্তায় অর্ধেক পরিমাণ বালু ভরা হচ্ছে। ভাঙনকবলিত স্থান থেকে বাঁধের দূরত্ব প্রায় ২০ গজ।এলাকাবাসী, ইউনিয়ন পরিষদ ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, পাঁচ দশক ধরে নবগঙ্গা নদীর ভাঙন চলছে। এতে নোয়াগ্রাম ইউনিয়নের বেশির ভাগ অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। বর্ষায় পাটেম্বরী, চাঁচুড়ি বিলসহ পাশের চারটি ইউনিয়নের ছয়টি বিলের ফসলি জমি তলিয়ে যায়। ১০ হাজার পরিবার জলাবদ্ধ হয়ে পড়ে। পাউবো নবগঙ্গা নদীর ভাঙনরোধে নোয়াগ্রাম এলাকার ঝুঁকিপূর্ণ ৯৫০ মিটার স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণে ২০০৯ সালে (চেঞ্চুরী বিল উপ-প্রকল্পধীন) ১০ কোটি টাকা ব্যয়সাপেক্ষ দরপত্র আহ্বান করা হয়। কার্যাদেশ পায় সর্বনিম্ন দরদাতা টিবিএলএএইসটিসি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় অবস্থানে থাকা দরদাতা ঠিকাদারি প্রতিষ্ঠান এইসবিকেএমআইটিআই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আপত্তি দেয় এবং উচ্চ আদালতে মামলা করে। ফলে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। পাউবো বিকল্প হিসেবে গত বছর ঝুঁকিপূর্ণ ২৫০ মিটারে প্রায় ৩৩ লাখ টাকা ব্যয়ে অস্থায়ী সুরক্ষা কাজ সম্পন্ন করে। এ বছরও প্রায় ৪১ লাখ টাকা ব্যয়ে ৩৫০ মিটার অংশে ৭০ হাজার বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে।চেঞ্চুরী বিল উপ-প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম বলেন, মামলার কারণে তিন বছর আগে নোয়াগ্রামে নবগঙ্গা নদীতীরে স্থায়ী প্রতিরক্ষা বাঁধের নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। বর্তমানে শ্রমিকসংকটের কারণে অস্থায়ী সুরক্ষার কাজ বাস্তবায়ন ধীরগতিতে চলছে। তবে যথাযথ তদারকির মাধ্যমে কাজের মান নিয়ন্ত্রণ করা হচ্ছে।