নামছে পানি, বাড়ছে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো তিন লাখের বেশি মানুষ পানিবন্দী জীবন কাটাচ্ছে।গতকাল শুক্রবার সারা দিন বৃষ্টি না হওয়ায় বিভিন্ন গ্রাম থেকে পানি নামতে শুরু করেছে। তবে দুর্গত এলাকায় ঘরে ঘরে ডায়রিয়াসহ নানা রোগশোক দেখা দিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।জলাবদ্ধতার কারণে ছয় দিন ধরে গৃহবন্দী হয়ে পড়া হাজার হাজার দরিদ্র মানুষ অভাব-অনটনে, কেউ কেউ অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন।গতকাল সকাল ১০টায় সদর উপজেলার লিংকরোড, মুহুরীপাড়া, বিসিক শিল্পনগর, খুরুলিয়া গ্রাম পরিদর্শন করে দেখা গেছে, হাজার হাজার বসতবাড়িতে এখনো পানি। একই অবস্থা কক্সবাজার পৌরসভার সমুদ্র উপকূলের ফদনারডেইল, সমিতিপাড়া, কুতুবদিয়াপাড়া, নাজিরাটেক, নুনিয়াছটাসহ আশপাশের আটটি গ্রামে। এসব গ্রামে প্রায় ৫০ হাজার ভাসমান লোকের বাস।দুপুর ১২টায় ফদনারডেইল গ্রামের জেলে মনির উল্লাহর ঘরে গিয়ে দেখা গেছে, পানি ঢুকে পড়া স্যাঁতসেঁতে ঘরে তিন বছরের এক শিশু জ্বরে আক্রান্ত। মা রহিমারও গত বৃহস্পতিবার বিকেল থেকে ডায়রিয়া। রহিমা বললেন, সকালে কাজের সন্ধানে স্বামী মনির উল্লাহ বেরিয়ে গেছেন। বিকেলে ফিরে এসে তাঁদের চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা।পৌরসভার স্থানীয় কাউন্সিলর আকতার কামাল বলেন, পাহাড়ি ঢলের পানি গতকাল বিকেল থেকে নামতে শুরু করলেও মানুষের দুর্ভোগ বাড়ছে। ঘরে ঘরে শিশু-কিশোর ও নারীদের সর্দিজ্বর-ডায়রিয়া দেখা দিচ্ছে। কাজের অভাব ও অর্থসংকটে অনেকে না খেয়ে থাকছে। বন্যাদুর্গত এলাকায় চিকিৎসা দল পাঠানো জরুরি হয়ে পড়েছে।সিভিল সার্জন কাজলকান্তি বড়ুয়া বলেন, জেলার আটটি উপজেলায় গত বৃহস্পতিবার থেকে ২০টির বেশি মেডিকেল টিম কাজ করছে। আজ (গতকাল শুক্রবার) আরও ১০টি দল নামানো হয়েছে। দলের সদস্যরা স্বাস্থ্যসেবার পাশাপাশি দুর্গতদের বিনা মূল্যে খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ বড়িসহ প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করছেন।সদর উপজেলার খুরুলিয়া, কলঘর, তেচ্ছিরপুল; রামু উপজেলার চেইন্দা, ফতেখাঁরকুলসহ ১২টি গ্রাম ঘুরে এসে কক্সবাজার-৩ আসনের বিএনপির সাংসদ লুৎফুর রহমান কাজল বলেন, সদর ও রামু উপজেলার অন্তত এক লাখ মানুষ পানিবন্দী জীবন কাটাচ্ছে। এসব মানুষের ঘরে ঘরে চরম খাদ্যসংকট চলছে।কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী সরেজমিন দুর্গত এলাকা ঘুরে এসে জানান, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে জেলার আটটি উপজেলার ৬০টির বেশি ইউনিয়নের অন্তত ছয় লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে। বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে অন্তত ৮০ হাজার ঘরবাড়ি। জেলা প্রশাসক মো. জয়নুল বারী দুর্গত এলাকা ঘুরে এসে সাংবাদিকদের জানান, পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। বন্যার পানি নামতে শুরু করেছে। বন্যাদুর্গতদের লাঘবের জন্য ইতিমধ্যে ৬১ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের উদ্যোগেও শুকনো খাবার, গুড় ও ওষুধ সরবরাহ করা হচ্ছে।