নামফলক অপসারণ না করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নে অবস্থিত ড. কাজী মোতাহার হোসেন কলেজের প্রতিষ্ঠাতার নামফলক অপসারণের ঘটনায় দায়ের করা মামলায় গতকাল রোববার শুনানি হয়েছে।
শুনানি শেষে আদালত কারণ দর্শানোর নোটিশ জারি করেন এবং আগামী সাত দিনের মধ্যে ওই নোটিশের জবাব দেওয়ার আদেশ দেন। একই সঙ্গে আদালত নামফলক অপসারণ না করতে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেন। পাংশা সহকারী জজ আদালতের বিচারক মো. আল ইমরান খান এই রায় দেন।
গত বৃহস্পতিবার এ বিষয়ে নিষেধাজ্ঞা চেয়ে কলেজের প্রতিষ্ঠাতা সদস্য শাহাবুদ্দিন আহমদ বাদী হয়ে পাংশা সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। এর আগে এ বিষয়ে সভাপতি ও অধ্যক্ষ বরাবর আইনি নোটিশ ও পাংশা থানায় লিখিত অভিযোগ করা হয়েছিল। এ বিষয়ে প্রথম আলোয় ১০ জুলাই ‘প্রতিষ্ঠাতার নাম মুছে ফেলার অভিযোগে আদালতে মামলা’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।
মামলায় কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি এম এ মাজেদ, অধ্যক্ষ ও পরিচালনা পর্ষদের সদস্যসচিব আবদুল আজিজসহ মোট ১৪ জনকে বিবাদী করা হয়।
এম এ মাজেদ বলেন, ‘আদালতের কারণ দর্শানোর নোটিশের বিষয়টি ইতিমধ্যে জানতে পেরেছি। তবে কোনো কাগজপত্র এখনো হাতে পাইনি।’