নামফলক দেখে সড়ক চেনা দায়

ধানমন্ডি ২৭ নম্বর নামে পরিচিত সড়কটির নাম শেখ কামাল সরণি। কিন্তু সেটা তরুণ প্রজন্ম বা শহরে নতুন আসা কারও পক্ষে তা জানা বা চেনার উপায় নেই। কারণ সড়কটির কোনো প্রান্তেই নেই সড়কের নাম বা পরিচিতি লেখা ফলক।
এই চিত্র ঢাকার অনেক সড়কের। নামফলক না থাকায় অনেক সময় নির্দিষ্ট সড়কে গিয়েও বোঝা যায় না এটি কোন সড়ক। আবার অনেক ক্ষেত্রে নামফলক থাকলেও তা ঢাকা পড়ে যায় পোস্টারে। কর্তৃপক্ষের অযত্ন-অবহেলায় ভেঙে পড়ে থাকে বছরের পর বছর ধরে। নির্দিষ্ট কোনো নির্দেশিকা না থাকায় শহরে আসা নতুন মানুষ প্রায়ই ভ্যাবাচ্যাকা খেয়ে যায়।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রাকিব বলেন, ‘তিন বছর ধরে ধানমন্ডি এলাকায় থাকি কিন্তু ধানমন্ডি ২৭ নম্বর সড়কের নাম যে শেখ কামাল সরণি তা জানতাম না।’
আসাদ অ্যাভিনিউ লেখা একটি নির্দেশিকা আছে সড়কে। কিন্তু সেটা খুঁজে পাওয়া দায়। কারণ নির্দেশিকা ঘিরে বসেছে অস্থায়ী চায়ের দোকান। আসাদ অ্যাভিনিউয়ের ফুটপাত দিয়ে চলাচলকারী কোনো পথচারীই তা দেখতে পারে না।
রাজধানীর অন্যতম ব্যস্ত সড়ক ড. কুদরত-ই-খুদা সড়ক। অথচ এই সড়কটিকে সবাই এখনো ‘সায়েন্স ল্যাব রোড’ বলেই চেনে। এই সড়কের নেই কোনো নামফলক। পোস্টার ছাপিয়ে চোখে পড়ে না সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতাস্তম্ভের নামফলকও।
রাজধানীর আরও কয়েকটি সড়ক ঘুরে দেখা গেছে, এসব সড়কে কোনো নামফলক নেই। আবার নামফলক থাকলেও সেটি রক্ষণাবেক্ষণের ব্যাপারে কারও কোনো খেয়াল নেই। এ ব্যাপারে যেমন সিটি করপোরেশনের কর্মকর্তারা উদাসীন, তেমনি সাধারণ মানুষও। কিছু সড়কে দেখা গেছে, বিলবোর্ড বা পোস্টার লাগিয়ে সব নামফলক ঢেকে দেওয়া হয়েছে।
সড়কের নামফলক বসানো ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দুই সিটি করপোরেশনের নগর পরিকল্পনা বিভাগের। ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ দিলবাহার আহম্মেদ প্রথম আলোকে বলেন, অনেক নতুন ফলক ভেঙে গেছে। কিছু ফলক পোস্টারে ঢেকে ফেলছে। নামফলক রক্ষণাবেক্ষণ চলমান প্রক্রিয়ার অংশ। খোঁজ পাওয়ামাত্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে।