চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় নবনির্মিত ‘স্মৃতিস্তম্ভ ৭১’-এর নামফলকের ভুল সংশোধনের দাবি জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। এ ব্যাপারে মুক্তিযোদ্ধারা আলমডাঙ্গা পৌরসভার কাছে এক মাস আগে লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত তা সংশোধন করা হয়নি।
শহীদ ২২ জন মুক্তিযোদ্ধার স্মরণে উপজেলা শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকার তিন রাস্তা মোড়ে আলমডাঙ্গা পৌরসভা প্রায় পাঁচ লাখ টাকা ব্যয়ে ওই স্মৃতিস্তম্ভ নির্মাণ করে। সম্প্রতি এটি উদ্বোধন করা হয়েছে। স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেওয়া শহীদ ২২ জনের নাম শ্বেতপাথরে খোদাই করে লেখা হয়েছে। এতে চারজন শহীদকে সাধারণ, ১০ জনকে বুদ্ধিজীবী ও আটজনকে বীর প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় মুক্তিযোদ্ধারা অভিযোগ করেন, যে আটজন শহীদ মুক্তিযোদ্ধাকে বীর প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে, তাঁদের একজনও বীর প্রতীক খেতাব পাননি। ২২ জনের মাত্র একজন শহীদ নজরুল ইসলাম সরকারি গেজেটভুক্ত বীর প্রতীক হলেও তাঁর নাম বীর প্রতীকের জায়গায় ঠাঁই পায়নি। তাঁকে রাখা হয়েছে বুদ্ধিজীবীদের তালিকায়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল কুদ্দুস বলেন, স্মৃতিস্তম্ভ ৭১ উদ্বোধনের দিন বিষয়টি মুক্তিযোদ্ধাদের নজরে আসে। পরে মুক্তিযোদ্ধারা পৌর মেয়রকে প্রথমে মৌখিক এবং পরবর্তী সময়ে পৌরসভায় লিখিতভাবে অভিযোগ করেন। এরপর প্রায় এক মাস পার হতে চললেও তা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়নি।
আলমডাঙ্গা পৌর মেয়র মীর মহিউদ্দিন বলেন, নামফলক লেখার সময় অসাবধানতাবশত কিছু ভুল হয়েছে। অনিচ্ছাকৃত এই ভুল সংশোধনের উদ্যোগও নেওয়া হয়েছে।