নামমাত্র দামে সড়কের ২২১টি গাছ বিক্রি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলায় বিভিন্ন প্রজাতির ২২১টি গাছ কেটে ফেলা হচ্ছে। গাছগুলো কাটা হলে মহাসড়কের মাটি ক্ষয়, দুর্ঘটনা বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্যহীনতা দেখা দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া প্রায় ২০ বছরের পুরোনো গাছগুলো নামমাত্র মূল্যে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মির্জাপুর বন বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার জামুর্কী ইউনিয়নের কদিম ধল্যা থেকে গোড়াই ইউনিয়নের ধেরুয়া পুলিশ ফাঁড়ি পর্যন্ত বকাইন, কড়ই, নিম, আকাশমণি, মেহগনি, ইউক্যালিপটাসসহ নানা প্রজাতির গাছ রয়েছে। সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় এসব গাছ প্রায় ২০ বছর আগে মহাসড়কের দুই পাশে লাগানো হয়। গত ৩০ এপ্রিল মহাসড়কের ওই এলাকার দুই পাশের ২২১টি গাছ বিক্রির জন্য টাঙ্গাইল বন বিভাগ থেকে দরপত্র আহ্বান করা হয়। জেলার মধুপুর উপজেলার অরণখোলা এলাকার আয়নাল হোসেন সর্বোচ্চ পাঁচ লাখ ১৯ হাজার টাকায় গাছগুলো ক্রয় করেন। তিনি তা পুনরায় সদরের সাবালিয়া এলাকার সোহেল রানার কাছে বিক্রি করেন। সোহেল গত বৃহস্পতিবার থেকে গাছগুলো কাটা শুরু করেন।
উপজেলা সদরের বাইমহাটী গ্রামের ফজুল মিয়া, মামুন সওদাগর, মাসুদ রানাসহ কয়েকজন জানান, মহাসড়কের দুই পাশের যেসব গাছ কাটা হচ্ছে, তার অধিকাংশের বয়স ২০ বছরের ওপরে। এসব গাছ মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধি করেছে। এ ছাড়া প্রখর রোদে ক্লান্ত পথিক এসব গাছের নিচে বিশ্রাম নেন। এলাকাবাসীর বাধা সত্ত্বেও গাছগুলো কেটে নেওয়া হচ্ছে। তাঁরা অভিযোগ করেন, গাছগুলোর বাজারমূল্য কমপক্ষে ৫০ লাখ টাকা। কিন্তু কিছু লোককে সুবিধা দিতে সেগুলো নামমাত্র মূল্যে বিক্রি করা হয়েছে।
বন বিভাগের মির্জাপুর কার্যালয়ের ফরেস্টার আফছার আলী জানান, দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে দুটি লটে (দুই ভাগ) ২২১টি গাছ বিক্রি করা হয়েছে। একটি লটের ১২০টি গাছ তিন লাখ তিন হাজার ও অপর লটের ১০১টি গাছ দুই লাখ ১৬ হাজার টাকায় বিক্রি করা হয়।
এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে সোহেল রানা বলেন, ‘গাছ কিনে আমি কাটা শুরু করেছি।’
টাঙ্গাইল বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) অসিত রঞ্জন পাল বলেন, সামাজিক বনায়ন কর্মসূচির রাস্তার পাশের গাছ ১০ বছর হলেই তা বিক্রির নিয়ম রয়েছে।
তবে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) টাঙ্গাইলের জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা সোমনাথ লাহেরী বলেন, সরকার যেখানে অধিক হারে গাছ লাগানোর কথা বলছে, সেখানে ১০ বছর বয়স হলেই সেই গাছ কেটে ফেলতে হবে, তা ঠিক নয়। এটা সরকারের পরিবেশ সংরক্ষণ বিধিবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, গাছগুলো কাটা হলে মহাসড়কের মাটি ক্ষয়, দুর্ঘটনা বৃদ্ধি এবং ওই এলাকায় পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।