নামমাত্র শিশু হাসপাতাল ওষুধ পর্যন্ত নেই
ঝিনাইদহে শিশু হাসপাতাল উদ্বোধনের চার বছর পর কোনোমতে শুধু এর বহির্বিভাগ চালু করা হয়েছিল। কিন্তু ওষুধ না থাকায় পাঁচ মাস ধরে এটি নামমাত্র চালু আছে। হাসপাতালের একজন চিকিৎসক ও দুজন চিকিৎসা সহকারীর সময় কাটছে গল্প আর আড্ডায়। অনেকটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে ২৫ শয্যার এই হাসপাতাল। প্রায় কোটি টাকা মূল্যের দুটি এক্স-রে মেশিনও দুই বছর ধরে হাসপাতালের বারান্দায় বাক্সবন্দী অবস্থায় পড়ে আছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত চারদলীয় জোট সরকার ঢাকা-খুলনা মহাসড়কের পাশে ঝিনাইদহ বাস টার্মিনালের কাছে একটি শিশু হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। ছয় কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ২০০৬ সালের আগস্টে ভবন নির্মাণের কাজ শেষ হয়। জোট সরকার ক্ষমতা ছাড়ার আগমুহূর্তে তড়িঘড়ি করে ২০০৬ সালের ৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শিশু হাসপাতালের চিকিৎসা কার্যক্রম উদ্বোধন করা হয়। এর পর থেকে ২০১০ সাল পর্যন্ত এটি বন্ধ ছিল।স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ২০১০ সালের প্রথম দিকে হাসপাতালটির বহির্বিভাগ চালু করা হয়। হাসপাতালে জনবল না থাকায় সদর হাসপাতালের একজন চিকিৎসক, দুজন চিকিৎসা সহকারী, একজন এমএলএসএস, তিনজন নৈশপ্রহরী ও একজন ঝাড়ুদারকে এখানে প্রেষণে নিয়োগ দেওয়া হয়।চিকিৎসা সহকারী কে এম শহিদুর রহমান জানান, প্রশাসনিক অনুমোদন ও নিজস্ব জনবল না থাকার কারণে হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু না হলেও তাঁরা প্রেষণে আসার পর প্রথম দিকে প্রতিদিন বহির্বিভাগে গড়ে ৩০ জন করে শিশু রোগী দেখা হতো। কিছু ওষুধও সরবরাহ করা হতো। কিন্তু গত নভেম্বর মাস থেকে ওষুধ না থাকায় রোগী আসছে না। ওষুধ না থাকায় তাঁরাই রোগীদের সদর হাসপাতালে যাওয়ার পরামর্শ দিচ্ছেন।হাসপাতালের একমাত্র চিকিৎসক আবদুল মতিন জানান, পাঁচ মাস ধরে হাসপাতালে ওষুধ নেই। সিভিল সার্জনকে বিষয়টি জানানো হয়েছে। ওষুধ না পাওয়ায় রোগী আসছে না। তাই তাঁরা একরকম অলস সময় কাটাচ্ছেন। হাসপাতাল এলাকার বাসিন্দা নজরুল ইসলাম জানান, এলাকার শিশুরা অসুস্থ হলে আগে এই হাসপাতালে নিয়ে যেতেন। কিন্তু এখন হাসপাতালে ওষুধ পাওয়া যায় না বলে অসুস্থ শিশুদের অন্যত্র নিয়ে যান। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ২০০৮ সালের ২৩ নভেম্বর দুটি এক্স-রে মেশিন দেওয়া হয়। মেশিন দুটি তখন থেকে হাসপাতালের বারান্দায় পড়ে আছে।সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) আবু বক্কর সিদ্দিক জানান, হাসপাতালটি স্থানীয় আয়োজনে চালু রাখা হয়েছে। শিশু হাসপাতালের জন্য কোনো বরাদ্দ নেই। তাঁরা ত্রাণ ও বেঁচে যাওয়া ওষুধ দিয়ে চালিয়ে আসছিলেন। এখন ত্রাণের ওষুধ পাচ্ছেন না, যে কারণে ওষুধ সরবরাহ করা যাচ্ছে না। তিনি বলেন, হাসপাতালে বিদ্যুৎ নেই, নেই পানির ব্যবস্থা। যাঁরা বহির্বিভাগে কাজ করছেন, তাঁরাও আছেন কষ্টে। তিনি বলেন, এক্স-রে মেশিন দুটি সচল রাখার জন্য তাঁরা সেগুলো সদর হাসপাতালে স্থানান্তরের চেষ্টা চালাচ্ছেন। তিনি আশা করেন, প্রশাসনিক অনুমোদন দিয়ে লোকবল নিয়োগের মাধ্যমে হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে সব সমস্যার সমাধান হবে।