নামসর্বস্ব কলেজে সরকারি বরাদ্দ
টাঙ্গাইলের মির্জাপুর এলাকার কাণ্ঠালিয়া গুদারাঘাট সড়ক ধরে সামনে এগোলে পুষ্টকামাড়ি কবরস্থানের পাশেই চোখে পড়বে ‘আলহাজ্ব শফি উদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজ’-এর সাইনবোর্ড। এটি টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের আওয়ামী লীগের দলীয় সাংসদ একাব্বর হোসেন ও তাঁর চাচা শফি উদ্দিন মিঞার নামে প্রস্তাবিত কলেজ। কলেজটি এখনো বোর্ডের অনুমোদন পায়নি। শিক্ষার্থী তো দূরের কথা, নিয়োগ হয়নি শিক্ষক-কর্মচারী। এর পরও সেখানে সরকারি টাকায় কলেজের ঘর ও দুটি শৌচাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এডিবির অর্থায়নে টাঙ্গাইল জেলা পরিষদ প্রায় ১০ লাখ টাকায় প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। শুধু ওই কলেজের ক্ষেত্রেই নয়, জেলা পরিষদের অধীনে বাস্তবায়নাধীন এমন অনেক প্রকল্প নিয়েই অনিয়মের অভিযোগ উঠেছে। জেলা পরিষদ কর্তৃপক্ষ বলেছে, সাংসদদের ইচ্ছায় এসব প্রকল্প নির্বাচন করা হয়েছে। এতে পরিষদের কোনো হাত নেই। জেলা পরিষদ সূত্র জানায়, ২০১০-২০১১ শিক্ষাবর্ষে জেলা পরিষদের নিজস্ব তহবিল ও এডিবির কাছ থেকে পাওয়া বরাদ্দ থেকে জেলার ১২টি উপজেলায় ৫২টি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। দুই কোটি ৯০ লাখ ৯৫ হাজার টাকার এই প্রকল্পে ইতিমধ্যেই দরপত্র আহ্বান করা হয়েছে। কাজ বরাদ্দের প্রক্রিয়াও চলছে। সূত্র জানায়, মির্জাপুর উপজেলায় সাংসদের ওই কলেজের জন্য ঘর নির্মাণে চার লাখ ৫৬ হাজার ২৫৭ টাকা এবং দুটি শৌচাগার নির্মাণের জন্য চার লাখ ৫০ হাজার টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। কলেজটির উদ্যোক্তারা জানান, বোর্ড থেকে কলেজটির অনুমোদন পেতে চেষ্টা চলছে। অনুমোদন পাওয়ার পর শিক্ষক নিয়োগ করা হবে। স্থানীয় লোকজনের অভিযোগ, মির্জাপুরের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেই বিভিন্ন সমস্যা রয়েছে। ঘরের অভাবে লেখাপড়ায় বিঘ্ন হচ্ছে। সেখানে ভবন নির্মাণ করলে শিক্ষার্থীরা উপকৃত হতো। তা না করে সাংসদ তাঁর ক্ষমতার অপব্যবহার করে নিজের ও চাচার নামে প্রস্তাবিত কলেজের ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন, তাও সরকারি টাকায়।গত শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, পুষ্টকামাড়ি কবরস্থানের পাশে কৃষিজমিতে কলেজটির সাইনবোর্ড টাঙানো হয়েছে। পাশেই ছোট্ট একটি ছাপরাঘর তুলে কিছু নির্মাণসামগ্রী রাখা হয়েছে। ছাপরার পাশে কিছু ইট ও বালি পড়ে আছে। সেখানে কর্মরত খুশি মোহন রাজবংশী নামে এক ব্যক্তি জানান, কলেজের পিয়ন হিসেবে তাঁকে এখানে রাখা হয়েছে। টাঙ্গাইলের শিক্ষাবিদ সেকান্দার হায়াত বলেন, ‘এ বিষয়ে কোনো মন্তব্য করব না। তবে এটা ক্ষমতার অপব্যবহার।’ টাঙ্গাইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমির হোসেন বলেন, ‘সাংসদেরা তালিকা দিয়েছেন। আমরা সে মতো বরাদ্দ দিয়েছি। এখানে আমাদের করার কিছু নেই। ওনারা যেখানে দিতে বলেন, সেখানেই প্রকল্প বাস্তবায়ন করে দিতে হয়।’ কলেজ বাস্তবায়ন কমিটির সদস্যসচিব সালাউদ্দিন আহমেদ বলেন, কলেজটির অনুমোদনের জন্য বোর্ডে আবেদন করা হয়েছে। অনুমোদন না পাওয়ায় এখনো শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়নি। সাংসদ ও তাঁর চাচা কলেজটির জন্য জমি দিয়েছেন। সাংসদ একাব্বর হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর পারিবারিক সূত্র জানায়, চিকিৎসার জন্য বর্তমানে তিনি দেশের বাইরে আছেন। তাঁর চাচা শফি উদ্দিন মিঞা বলেন, ‘কলেজটির অনুমোদন পেতে আবেদন করা হয়েছে। আশা করছি, এ বছর এসএসসি পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের ভর্তি করার মধ্য দিয়ে কার্যক্রম শুরু করতে পারব।’