বরগুনায় এবার ১ হাজার ৬৬ মেট্রিক টন আমনের চাল সংগ্রহের জন্য নয়টি চালকলের সঙ্গে চুক্তি করেছে জেলা খাদ্য বিভাগ। এর মধ্যে আটটি কলই চাল উৎপাদনের অবস্থায় নেই।
অভিযোগ উঠেছে, এসব চালকলমালিককে সামনে রেখে খাদ্য বিভাগের কয়েকজন কর্মকর্তা ও ব্যবসায়ী বাইরে থেকে নিম্নমানের চাল কম দামে কিনে এনে মোটা অঙ্কের অর্থ লোপাট করতে চান। সে কারণেই নীতিমালা লঙ্ঘন করে নামসর্বস্ব এসব কলের সঙ্গে চুক্তি করা হয়েছে।
ওই নয়টি কল হচ্ছে তালতলী সদর এলাকার ফাতেমা ও ছোট বগী এলাকার মোল্লা, আমতলী সদরের গাজী ও কড়ইবুনিয়া এলাকার রুমানা, পাথরঘাটার মানিকখালি গ্রামের ভাই ভাই ও মোশারফ খান, বেতাগীর সদর এলাকার আর এস এম এন্টারপ্রাইজ, আবুল কালাম আজাদ ও ঝোপখালি এলাকার হাওলাদার রাইস মিল। এগুলোর মধ্যে শুধু গাজী চালকল উৎপাদনে সক্ষম। ফাতেমা ও মোল্লা কল দুটি পরিত্যক্ত। বাকিগুলোতে বয়লার, হাউস ও চিমনিই নেই।
জেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, গত ৪ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ১ হাজার ৭৮৭ মেট্রিক টন চাল কেনার জন্য ১৭টি চালকলের সঙ্গে চুক্তি করে খাদ্য বিভাগ। কিন্তু বাইরে থেকে কম দামে কিনে এসব চাল সরবরাহ করা হয়। ৫ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৫৯২ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হয়। সে সময় ১৯৮ জন কৃষকের নামে ভুয়া তালিকা করে ১ কোটি ৩৬ লাখ ১৬ হাজার টাকার ধান সরবরাহ দেখানো হয়।
জেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, গত ১ ডিসেম্বর থেকে আগামী ১৫ মার্চ পর্যন্ত বরগুনায় ১ হাজার ৬৬ মেট্রিক টন চাল কেনা হচ্ছে। প্রতি কেজি ৩৩ টাকা দরে ৩ কোটি ৫১ লাখ ৭৮ হাজার টাকার চাল কিনবে খাদ্য বিভাগ।
চাল সংগ্রহ ও নিয়ন্ত্রণ আদেশ, ২০০৮ অনুযায়ী, প্রয়োজনীয় অবকাঠামোসম্পন্ন উৎপাদনে সক্ষম (সচল) বৈধ চালকল ও সনদধারী (লাইসেন্স) আগ্রহী চালকলের মালিকদের কাছ থেকে চুক্তি করে চাল কিনতে হবে। যেসব কারখানায় (কল) বয়লার ও চিমনি নেই, সেসব কলের (হাসকিং) সঙ্গে চাল সংগ্রহের চুক্তি করা যাবে না। চুক্তিবদ্ধ চালকলের মালিকদের স্থানীয় বাজার থেকে ধান কিনে কল প্রাঙ্গণে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে চাল প্রস্তুত করতে হবে।
২৮ ডিসেম্বর রুমানা রাইস মিলে গিয়ে দেখা যায়, কলটিতে আটা, মরিচ ও হলুদ গুঁড়া করা হচ্ছে। কলের এক পাশে বয়লার, হাউস ও চিমনি স্থাপনের কাজ চলছে।
কলটির মালিক দেলোয়ার হোসেন বলেন, ‘বয়লার ও চিমনি বসানোর কাজ চলছে। অল্প দিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। এখন যে সামর্থ্য আছে, তা দিয়েই চাল তৈরি করেছি।’
মোশারফ খান রাইস মিলে গিয়ে দেখা যায়, দোচালা একটি ঘরের সামনে কিছু ধান শুকানো হচ্ছে। ঘরের পশ্চিম পাশে ছোট একটি ডিজেলচালিত মেশিন। কলটিতে বিদ্যুৎ-সংযোগ নেই। ঘরের সামনেই বয়লার, হাউস, চিমনি স্থাপনের কাজ করছেন কয়েকজন মিস্ত্রি।
কলটির ব্যবস্থাপক শহিদুল ইসলাম খান বলেন, ‘আমাদের মিলে ডিজেলচালিত মেশিন দিয়ে ধান ভাঙানো হয়।’
ভাই ভাই রাইস মিলে গিয়ে দেখা যায়, এখানেও বয়লার, চিমনি ও হাউস নেই। এটির মালিক এমাদুল হক বলেন, তাঁরা মাটির চুলায় ধান সেদ্ধ করেন।
ফাতেমা রাইস মিলে গিয়ে দেখা যায়, সেটি পরিত্যক্ত। এটির মালিক তালতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবিউল কবির জমাদ্দার। মুঠোফোনে একাধিকবার খুদে বার্তা পাঠিয়েও তাঁর সাড়া পাওয়া যায়নি।
মোল্লা রাইস মিলটিও পরিত্যক্ত। এটির মালিক হানিফ মোল্লা বলেন, ‘মিলটি চালু করে চাল উৎপাদন করে তা সরবরাহ করব।’
৩ জানুয়ারি হাওলাদার রাইস মিলে গিয়ে দেখা যায়, কলটিতে বয়লার, চিমনি ও হাউস নেই। কলের ভেতরে ধান, আটা ভাঙানোর ছোট একটি মেশিন।
আবুল কালাম আজাদ রাইস মিলে গিয়ে দেখা যায়, সেখানেও বয়লার ও চিমনি নেই। এটির মালিক আবদুস শাকুর বলেন, ‘বয়লার বা চিমনি না থাকলেও চালের গুণগত মান ঠিক রেখেই আমি খাদ্যগুদামে চাল সরবরাহ করব।’
জেলা খাদ্যনিয়ন্ত্রক শহিদুল ইসলাম বলেন, উপজেলা খাদ্য বিভাগের কর্মকর্তারা মাঠপর্যায়ে যাচাই করে এসব মিলকে চাল সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হওয়ার সুপারিশ করার পর চুক্তি হয়েছে। তবে কিছু মিলে ত্রুটিবিচ্যুতি থাকতে পারে।
জেলা ধান-চাল ক্রয় কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মুহা. বশিরুল আলম বলেন, এসব মিলের ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।