নামসর্বস্ব দল নিয়ে বিএনপির নেতৃত্বে ১৭ দলীয় জোটের আত্মপ্রকাশ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক যুগের বেশি সময় ধরে রাজনৈতিক অঙ্গনে পরিচিত বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট বিলুপ্ত হচ্ছে। জোটটি সম্প্রসারিত হয়ে আজ বুধবার ‘১৭ দলীয় জোট’ হিসেবে আত্মপ্রকাশ করছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে আজ এ জোটের ঘোষণাপত্র প্রকাশ করবেন।গত রাতে ১৬ দলের নেতারা নতুন ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। খালেদা জিয়া আজ স্বাক্ষর করবেন।চারদলীয় জোটে থাকা পাঁচটি দল বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও খেলাফত মজলিসের সঙ্গে ছোট ছোট আরও ১২টি দল মিলে ‘১৭ দলীয় জোট’ হচ্ছে। এর বেশির ভাগই নামসর্বস্ব দল। এর মধ্যে ছয়টি দল: ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), লেবার পার্টি, মুসলিম লীগ (কামরুজ্জামান), ন্যাপ (ভাসানী), বাংলাদেশ ইসলামিক পার্টি ও ডেমোক্রেটিক লীগের নির্বাচন কমিশনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন নেই। ফলে এ দলগুলোর জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ন্যূনতম যোগ্যতাও নেই। বাকি ছয়টি দলের মধ্যে রয়েছে: কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), মেজর জেনারেল (অব.) মুহম্মদ ইব্রাহিমের বাংলাদেশ কল্যাণ পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশ ন্যাপ ও জমিয়তে উলামায়ে ইসলাম। অবশ্য সাংগঠনিকভাবে দুর্বল ও ছোট এসব দল নিয়ে জোট গঠনকে ‘রাজনৈতিক সফলতা’ বলে দাবি করছেন বিএনপির নেতারা। জানতে চাইলে ১৭ দলের এ জোটের ঘোষণাপত্র তৈরিতে যুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান প্রথম আলোকে বলেন, ‘কোন দলগুলো নামসর্বস্ব আর কোনগুলো নয়, তা কীভাবে নির্ধারণ হয়, সেটা স্পষ্ট নয়। আওয়ামী লীগের জোটেও এ ধরনের দল আছে। বিএনপি মনে করে, সব দলেই ভোটার আছে। কারও অপছন্দ হলে ওই দল ভোটারবিহীন হওয়ার কী যুক্তি।’ বিএনপির একাধিক সূত্রে জানা গেছে, নতুন জোটে আরও চারটি দল: বিকল্পধারা বাংলাদেশ, গণফোরাম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও কৃষক শ্রমিক জনতা লীগকে পাওয়ার ব্যাপারে আশা ছিল বিএনপির। কিন্তু জোটে জামায়াত থাকায় আদর্শিক কারণে তারা জোটে যোগদানের বিপক্ষে অবস্থান নেয়।বিএনপির একজন যুগ্ম মহাসচিব জানান, বিকল্পধারা ও কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে আনুষ্ঠানিক আর গণফোরাম ও জেএসডির সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছিল। তারা জামায়াতের ব্যাপারে আপত্তি তোলে।