
নামাজ শেষেই কান্নায় ভেঙে পড়লেন কারি মো. আরিকুল্লাহ। কান্না সংক্রমিত হলো অন্যদের মধ্যেও। কয়েকজন আরিকুল্লাহকে জড়িয়ে ধরে সান্ত্বনা জানালেন। চোখ মুছতে মুছতে মসজিদ থেকে বের হয়ে মসজিদ প্রাঙ্গণে মোয়াজ্জেম হোসেনের কবরের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে প্রার্থনা করলেন তিনি।
তিন দিন বন্ধ থাকার পর গতকাল রোববার বগুড়ার শিবগঞ্জের চককানু গ্রামের ‘মসজিদ-ই-আল মোস্তফা’য় নামাজ শুরু হয়েছে। গত বৃহস্পতিবার এই মসজিদে বন্দুকধারীদের হামলায় মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন নিহত হন। গুলিবিদ্ধ হন ইমামসহ তিনজন।
গতকাল জোহরের নামাজ পড়তে এসে নিহত বন্ধুর জন্য কান্নায় ভেঙে পড়েন কারি আরিকুল্লাহ। মসজিদের সামনেই কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, তাঁর বাড়ি মসজিদ থেকে ১২ কিলোমিটার দূরে। নিহত মোয়াজ্জেম হোসেন তাঁর খুব ভালো বন্ধু ছিলেন। আরিকুল্লাহ নিজে সুন্নি মতবাদে বিশ্বাসী, কিন্তু তিনি এই এলাকায় এলে শিয়া সম্প্রদায়ের এই মসজিদে নামাজ পড়তেন। দেখা হলেই মোয়াজ্জেম হোসেন বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াতেন তাঁকে। ১৫ দিন আগে আরিকুল্লাহর এক আত্মীয়ের জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে তাঁর বাড়িতে গিয়েছিলেন মোয়াজ্জেম। সেটাই শেষ দেখা।
এদিকে গুলিবিদ্ধ ইমাম শাহীনুর রহমান এখনো বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর কোমরে গুলি রয়েছে। এখনো অস্ত্রোপচার করা হয়নি। তাঁর অনুপস্থিতিতে গতকাল ওই মসজিদে জোহরের নামাজ পড়ান শিয়াদের সংগঠন ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু জাফর মন্ডল। মুসল্লি ছিলেন ১৫ জন। তাঁদের মধ্যে কয়েকজন সুন্নিও ছিলেন।
যেদিন হামলা হয় সেদিনও মসজিদে ছিলেন মুসল্লি আবদুর রশীদ। সে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। রশীদ বলেন, তিনি তখন সেজদায় ছিলেন। হঠাৎ গুলির শব্দ আর মুসল্লিদের কান্না-চিৎকারে শুয়ে পড়েন তিনি। রশীদ প্রথম আলোকে বলেন, ‘যারা হামলা করছে তাদের যেন বিচার হয়। আমরা যেন বিচার পাই, আপনারা সেটাই সরকারকে বলেন।’
হামলার পর গত শনিবার পর্যন্ত মসজিদটি ‘ঘটনাস্থল’ হিসেবে সংরক্ষণ করে রেখেছিল পুলিশ। গতকাল সকালে পুলিশের অনুমতি নিয়ে মসজিদের মেঝের রক্ত পানি দিয়ে পরিষ্কার করে ফেলেন ওয়াকিল কবিরাজ ওরফে উকিল মিয়া। তিনি আপাতত মসজিদের মুয়াজ্জিনের কাজ চালিয়ে যাচ্ছেন।
এখানে সার্বক্ষণিক পুলিশের পাহারা রয়েছে। মসজিদের পাশেই হরিপুর গ্রামে শিয়াদের ইমামবাড়ায় গিয়ে দেখা গেল ভেতরে ক্যাম্প বানিয়ে অবস্থান করছেন পুলিশ সদস্যরা। ইমামবাড়ার ভেতর কথা হয় শিয়াদের সংগঠন ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু জাফর মন্ডলের সঙ্গে। তিনি বলেন, ‘এত দিন পেপার-পত্রিকায় দেখতে ছিলাম, এখন নিজের বাড়িতেই আসে পড়ল বারে। এখন সকলকে সচেতন হতে হবে, না হলে কার বাড়িতে কখন এটা (জঙ্গিবাদ) ঢুকপে ঠিক নাই।’ তিনি বলেন, এখানকার মানুষ শান্তিপ্রিয়। তারা কেউ কখনো ভাবেনি এ রকমভাবে নামাজরত অবস্থায় কেউ মসজিদে হামলা চালাতে পারে।
ওই হামলার তিন দিন পরও হরিপুর বাজার অনেকটা জনশূন্য দেখা গেছে। বেচাবিক্রি নেই বলে দোকানও খুলছেন না অনেক ব্যবসায়ী। গতকাল সকালে কথা হয় মনিহারি দোকানের মালিক মো. রাজুর সঙ্গে। তিনি বললেন, গত দুদিন বেচাবিক্রি নেই বললেই চলে।
এ সময় স্থানীয় বাসিন্দা শাহজাহান আলী বলেন, ‘হুট করে কখন কাকে পুলিশ ধরে নিয়ে যায়, এই ভয়েও অনেকে বাজারে আসছে না।’
পাঁচ সদস্যের জিজ্ঞাসাবাদ কমিটি: শিয়া মসজিদে হামলার ঘটনায় রিমান্ডে এনে জেএমবির সদস্য আনোয়ার হোসেনসহ সন্দেহভাজন তিনজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদ ও তদন্তকাজে সহায়তার জন্য গতকাল পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল এ কমিটির প্রধান। বাকি সদস্যরা হলেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর) আল আসাদ মুহাম্মদ মাহফুজুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সার্কেল) সাব্বির সরফরাজ, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম ও শিবগঞ্জ থানার ওসি এস এম আহসান হাবিব।
আরিফুর রহমান মন্ডল প্রথম আলোকে বলেন, ‘কমিটি জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কিন্তু গতকাল পর্যন্ত উল্লেখযোগ্য কোনো তথ্য মেলেনি।’