ইস্টার্ন টাওয়ারের ভেতরের মসজিদে নামাজ পড়ার ছলে ডাকাতরা ভেতরে ঢুকেছিল বলে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা সন্দেহ করছেন। তবে ওই গৃহকর্তা সন্দেহ করছেন, ভবনের নিরাপত্তাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন।গত রোববার দুপুরে বাংলামোটরে (২০ নিউ ইস্কাটন রোড) ইস্টার্ন টাওয়ারের পাঁচতলার একটি ফ্ল্যাট থেকে অস্ত্রের মুখে সোয়া কোটি টাকার মালামাল নিয়ে যায় ডাকাতরা। এরপর ডাকাতের খোঁজে পুলিশ পুরো কমপ্লেক্সের দেড় শ ফ্ল্যাটে তল্লাশি চালায়। রোববার রাতেই গৃহকর্তা পোশাক ব্যবসায়ী ইকরামুল কদর বাবলু বাদী হয়ে রমনা থানায় একটি ডাকাতির মামলা করেন।রমনা থানার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আটক নিরাপত্তাকর্মী ও গৃহকর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ওই কমপ্লেক্সের ভেতরের মসজিদে নামাজ পড়ার ছল করে ডাকাতরা ভেতরে ঢুকেছিল। যে ভবনে ডাকাতি হয়েছিল, সে ভবনের দোতলায় একটি নামাজ পড়ার জায়গা রয়েছে। ডাকাতিও হয়েছে জোহরের নামাজের সময়।এ বিষয়ে জানতে চাইলে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘আমরা কয়েকটা সূত্র নিয়ে কাজ করছি। আসামি গ্রেপ্তারের জন্য এখনই সব তথ্য প্রকাশ করা যাবে না।’ফ্ল্যাটের মালিক ব্যবসায়ী ইকরামুল কদর প্রথম আলোকে বলেন, ডাকাতরা ভবন থেকে বের হওয়ার সময় তাদের হাতে ব্যাগ ছিল। কারণ, তারা প্রচুর গয়না, ল্যাপটপ ও সোনার মুকুট নিয়েছে। এসব জিনিস পকেটে ঢুকিয়ে নেওয়া সম্ভব নয়। অপরিচিত কয়েকজন ব্যাগ নিয়ে বের হলে নিরাপত্তাকর্মীদের দায়িত্ব ছিল তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা। কিন্তু তাঁরা কিছুই করেননি।