নামাজ শেষে বাড়ি যাওয়ার পথে এসআই নিহত
ঈদের নামাজ শেষে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি যাচ্ছিলেন জাহিদুল ইসলাম (৪০) নামে নড়াইল জেলা পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। কিন্তু পথে অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। আহত অবস্থায় তাঁর স্ত্রী সালমা খাতুন (৩০) এবং অপর মোটরসাইকেল আরোহী এখন হাসপাতালে চিকিৎসাধীন। আজ মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজারে এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, জাহিদুলের বাড়ি কুষ্টিয়া কুমারখালী উপজেলায়। তিনি দীর্ঘদিন ঝিনাইদহ পুলিশে কর্মরত ছিলেন। সম্প্রতি নড়াইলে বদলি হয়েছিলেন। তবে বাসা ঝিনাইদহে রয়েছে।
আজবাহার আলী আরও জানান, ঝিনাইদহে ঈদের নামাজ আদায় শেষে স্ত্রী সালমা খাতুনকে সঙ্গে নিয়ে জাহিদুল গ্রামের বাড়ি যাচ্ছিলেন। বেলা দুইটার দিকে শৈলকুপার ভাটই বাজারে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহিদুল ইসলাম, তাঁর স্ত্রী ও অপর মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তাঁদের মধ্যে জাহিদুল ইসলামের অবস্থা বেশি খারাপ হওয়ায় তাঁকে ঢাকায় পাঠানো হয়। পথে মাগুরা পৌঁছানোর পরই তিনি মারা যান। তাঁর স্ত্রী ও অজ্ঞাত ওই ব্যক্তি ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন।