বিশ্বকাপ ফুটবল উপলক্ষে যশোর শহরের বিভিন্ন স্থানে টাঙানো বিদেশি পতাকা নামিয়ে ফেলা হচ্ছে৷ ২৪ ঘণ্টার মধ্যে এসব পতাকা নামিয়ে নেওয়ার প্রশাসনের নির্দেশ জারির পর গতকাল মঙ্গলবার শহরের বিভিন্ন এলাকা থেকে পতাকা নামিয়ে নেওয়া হয়৷
যশোরের জেলা প্রসাশক মোস্তাফিজুর রহমান সোমবার সন্ধ্যায় এ নির্দেশনা জারি করেন। গতকাল সন্ধ্যা ছয়টায় নির্দেশনা বাস্তবায়নের সময়সীমা শেষ হয়েছে। উপজেলা পর্যায়ে আজ বুধবার বিকেল পাঁচটায় এ সময়সীমা শেষ হবে৷
সোমবার সন্ধ্যায় তথ্য অধিদপ্তর থেকে মাইকে যশোর শহরে এবং গতকাল দিনব্যাপী জেলার আট উপজেলার বিভিন্ন এলাকায় মাইকে বিদেশি পতাকা নামানোর নির্দেশনা প্রচার করা হয়৷ প্রচারণা চলাকালেই শহর ও উপজেলা সদরের বিভিন্ন এলাকা থেকে অনেককে বিদেশি পতাকা নামিয়ে নিতে দেখা যায়৷
এ-সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি স্থানীয় গণমাধ্যম কার্যালয়েও পাঠানো হয়৷ এ ধরনের একটি পত্র উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে৷ ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ পতাকা বিধিমালা ১৯৭২-এর বিধি ৯ (৪) অনুযায়ী, সরকারের সুনির্দিষ্ট অনুমোদন ছাড়া বিদেশি রাষ্ট্রের পতাকা কোনো গাড়িতে বা ভবনে উত্তোলন করা যাবে না৷
জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিশ্বকাপ উন্মাদনায় যশোরে যতগুলো বিদেশি পতাকা তোলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে এর চার ভাগের এক ভাগ পতাকা দেখি না৷ মানুষের মধ্যে দেশপ্রেমের চেতনার অভাব রয়েছে৷ ওই চেতনায় নাড়া দেওয়ার জন্যই বিদেশি পতাকা নামানোর জন্য অনুরোধ জানানো হয়েছে৷’
তবে জেলা শহর ও উপজেলা সদরে এ নির্দেশনার অনেকটা বাস্তবায়ন হয়েছে৷ তবে শহরতলি ও গ্রামাঞ্চলে এর প্রভাব তেমন একটা পড়েনি বলে স্থানীয় লোকজন জানিয়েছেন৷
কেশবপুরের ইউএনও আবু সাঈদ মো. মনজুর আলম বলেন, ২৪ ঘণ্টার মধ্যে বিদেশি পতাকা নামিয়ে নেওয়ার নিদের্শনা জারি করে গতকাল কেশবপুরে প্রচার চালানো হয়েছে। আজ (বুধবার) বিকেল পাঁচটায় এ সময়সীমা শেষ হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছেও এ-সংক্রান্ত চিঠি পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। কাল বৃহস্পতিবার থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলেও তিনি জানান৷