
ঘটা করে ২০১১ সালে ১৪টি বাস নিয়ে চালু হয়েছিল স্কুলবাস সেবা। আশানুরূপ সাড়া পেলে আরও বাস নামানোর পরিকল্পনাও ছিল। সাড়া মেলেনি, বরং বেড়েছে অব্যবস্থাপনা। বাসের সংখ্যা নেমেছে চারে। তাও চলে অনিয়মিত, যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে।
পরিচালনাকারী কর্তৃপক্ষ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি) বলছে, যাত্রী না পাওয়ায় লোকসান দিতে হচ্ছে। তাই বাসের সংখ্যা কমিয়ে ফেলা হয়েছে। অথচ চালুর প্রথম দিকে বাসগুলো নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার অভাব ছিল না।
অন্তত ১৫ জন অভিভাবক এই প্রতিবেদককে বলেন, বাসগুলো সময় মেনে ও নিয়মিত না চলায় এবং বাসে পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় তাঁরা সন্তানদের এসব বাসে পাঠাতে পারছেন না। আর চালু হওয়ার কিছুদিনের মধ্যেই বাসের সংখ্যাও কমিয়ে ফেলা হয়।
২০১১ সালের ১৫ জানুয়ারি তখনকার যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন রাজধানীতে স্কুলবাস উদ্বোধন করেন। পরদিন থেকে চলতে শুরু করে ৫২ আসনের ১৪টি বাস। ব্যক্তিগত গাড়ির মিছিল কমিয়ে যানজট পরিস্থিতির কিছুটা উন্নতি করা ছিল এর মূল লক্ষ্য। শুরুতে মিরপুর-১২ থেকে আজিমপুর পর্যন্ত মোট ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বাসগুলো চালু করা হয়। শিক্ষার্থীর সঙ্গে একজন অভিভাবকও যাতায়াত করতে পারতেন।
বর্তমানে মিরপুর-১২ থেকে আজিমপুর পর্যন্ত চারটি বাস চলে। সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত এবং বেলা ১১টা থেকে তিনটা পর্যন্ত এ বাসগুলো শিক্ষার্থীদের আনা-নেওয়া করছে। বাসের মধ্যে শিক্ষামূলক সিনেমা ও অনুষ্ঠান দেখার সুযোগ থাকার কথা থাকলেও চালু থাকা বাসগুলোতে তা নেই। প্রতিটি বাসে শিক্ষার্থীদের দেখাশোনার জন্য একজন প্রশিক্ষণপ্রাপ্ত নারী কর্মী থাকার কথা ছিল। প্রথম দিকে বাসে কয়েকজন দক্ষ নারী কর্মী থাকলেও এখন আর তাঁরা নেই।
বিআরটিসির পরিচালক (প্রশাসন ও পরিচালনা) মো. শামসুল আলম প্রথম আলোকে বলেন, যানজট কমাতে সহায়ক ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে স্কুলবাস সার্ভিস চালু করা হয়েছিল। কিন্তু আশানুরূপ যাত্রী না পাওয়ায় বাসের সংখ্যা কমিয়ে ফেলা হয়েছে। যানজটের কারণে সময়ও ঠিক রাখা যায় না। তা ছাড়া বাসগুলো পরিচালনায় লোকসান হচ্ছে। তবে যাত্রী পাওয়া গেলে বাসের সংখ্যা বাড়াতে বিআরটিসির কোনো সমস্যা নেই।
বিআরটিসি সূত্রে জানা যায়, স্কুলবাস সার্ভিসে মিরপুর থেকে আজিমপুর পর্যন্ত প্রতি ট্রিপে একটি বাসে জ্বালানি ও অন্যান্য সব মিলিয়ে খরচ পড়ে প্রায় এক হাজার টাকা। কিন্তু সে অনুপাতে আয় হচ্ছে না। প্রতি ট্রিপেই ভর্তুকি দিতে হয় প্রায় ৫০০ টাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক বিআরটিসির পরিচালনা বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘বিআরটিসি সেবামূলক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। লোকসান দিয়ে চালাতে বিআরটিসি আগ্রহী নয়। সরকারের ঘোষণার কারণে বাধ্য হয়ে স্কুলবাস
চালাতে হচ্ছে। এখন যে কয়েকটা চলছে, সেটা আসলে নিয়ম রক্ষার জন্য।’
গতকাল মঙ্গলবার স্কুলবাস চলার পথের কল্যাণপুর, কলেজগেট এবং আজিমপুর বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা বাসের জন্য অপেক্ষা করছেন। বেসরকারি পরিবহন সার্ভিসের কোনো বাস এলেই তাতে উঠতে যুদ্ধ শুরু হচ্ছে। অনেকেই উঠতে না পেরে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকছেন। স্কুল শুরু ও ছুটির সময়ে প্রায় দুই ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কোনো স্কুলবাসের দেখা মেলেনি।