নামে থাকলেও মেলায় নেই উদ্ভাবনী প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা শহরের স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে জেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় নতুন কোনো উদ্ভাবনী প্রকল্প নেই। মোট ৫৬টি স্টলের মধ্যে ৫৩টি দাপ্তরিক কাজের প্রচারণা প্রদর্শন করা হয়েছে। তিনটি উদ্ভাবনী প্রকল্প থাকলেও সেগুলো পুরোনো।
গত বুধবার দুই দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব ফারুক আহমেদ। ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যানুযায়ী, ১০টি বিষয় উল্লেখ করে মেলায় উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনের কথা। এগুলো হচ্ছে খাদ্য নিরাপত্তা, নিরাপদ সুপেয় পানি, উন্নত যোগাযোগব্যবস্থা, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি ও কৃষক, উন্নত স্বাস্থ্যসেবা, দৈনন্দিন জীবনযাত্রায় সহযোগী, জীবন রক্ষাকারী কার্যক্রম, মশা নিধন ও নাগরিক সমস্যা সমাধানকারী যেকোনো প্রকল্প।
নাগরিক সমস্যা সমাধানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন এক্সেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির আওতায় দেশের ৬৪টি জেলায় ডিজিটাল উদ্বোধনী মেলার আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় গাইবান্ধার মেলায় ১০টি নাগরিক সমস্যা প্রতিযোগীদের মধ্যে উন্মুক্ত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেকোনো একটি সমস্যা সমাধানের প্রোফাইল ডিজিটাল মেলায় প্রদর্শন করার কথা।
গতকাল শেষ দিনে মেলা ঘুরে দেখা গেছে, বেশির ভাগই দাপ্তরিক কাজের প্রচারণামূলক প্রদর্শন। কেবল তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান তিনটি উদ্ভাবনী প্রকল্প মেলায় উপস্থাপন করেছে। সেগুলোও পুরোনো এবং বিভিন্ন মেলায় একাধিকবার প্রদর্শন করা হয়। এর মধ্যে গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয় মশা নিধন যন্ত্র, গাইবান্ধা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় রোদ ছাড়া ধান শুকানোর যন্ত্র ও গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ রেল দুর্ঘটনা রোধে আগাম সংকেত যন্ত্র প্রদর্শন করে। মেলায় জেলা ও উপজেলা পর্যায়ের দপ্তর, ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্র ও এনজিওর সংখ্যা বেশি।
শুধু তা-ই নয়, মেলায় যেসব দপ্তর স্টল দিয়েছে, সেসব দপ্তরের কর্মকর্তারা উদ্ভাবনী ডিজিটাল মেলার উদ্দেশ্য ও চিহ্নিত ১০টি বিষয় সম্পর্কে জানেন না। এর মধ্যে গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির দেওয়া স্টলে প্রদর্শন করা হচ্ছে কীভাবে সংযোগ নেওয়া যায়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্টলে গিয়ে দেখা গেল, পুরোনো প্রকল্প ধানের চারা রোপণ মেশিন স্টলের সামনে রাখা হয়েছে। স্টলের দায়িত্বরত গাইবান্ধা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘১০টি বিষয় সম্পর্কে আমার জানা নেই।’
জেলা তথ্য অফিসের দেওয়া স্টলে শুধু কর্মকর্তারা বসে ছিলেন। প্রচারকারী আবদুর রউফ বলেন, ‘আমরা কীভাবে প্রচারকাজ চালাই, তা জনগণের সামনে তুলে ধরছি। মেলার উদ্দেশ্য বলতে পারব না।’
মেলা দেখতে আসা গাইবান্ধা শহরের পশ্চিমপাড়ার কলেজছাত্র হারেজ উদ্দিন বললেন, ‘ডিজিটাল মেলায় এলাম, উদ্ভাবনী প্রকল্প দেখে অভিজ্ঞতা নেব। কিন্তু এখানে ডিজিটালের “ড” নেই। যেভাবে দাপ্তরিক কাজের প্রচারণা চালানো হচ্ছে, দেখে মনে হলো এটা সরকারি দপ্তরের বিজ্ঞাপন প্রচারের মেলা।’ শহরের স্কুল লেনের ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের মালিক পিটু রশিদ বললেন, ‘মেলা ঘুরে দেখলাম নতুন কোনো উদ্ভাবনী প্রকল্প নেই। শুধু দায়সারাভাবে মেলা চালানো হচ্ছে।’
এসব বিষয়ে গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামছুল আজম বলেন, বেশকিছু দিন থেকে উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনের জন্য প্রচারণা ও একাধিকবার বৈঠক করা হয়। কিন্তু তেমন সাড়া মেলেনি। তারপরও অন্যান্য জেলার চেয়ে এখানে উদ্ভাবনী প্রকল্পের সংখ্যা বেশি। মেলায় মাত্র তিনটি উদ্ভাবনী প্রকল্প কেন, জানতে চাইলে তিনি দাবি করেন, মেলায় ১৩টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করা হয়েছে।