নামে পৌরসভা কাজে নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভা প্রতিষ্ঠার পর ২৫ বছর পেরিয়ে গেলেও এখানকার বাসিন্দারা যেন প্রত্যন্ত কোনো অঞ্চলের বাসিন্দাই রয়ে গেছে। এত দিনেও এখানে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা নেই। পয়োনিষ্কাশন ও স্যানিটেশন ব্যবস্থার দশা নাজুক। সড়কগুলোও খানাখন্দে ভরা।
হারাগাছ পৌরসভা সূত্রে জানা যায়, ১৯৮৯ সালে কাউনিয়া উপজেলার আওতাধীন হারাগাছ পৌরসভা করা হয়। ২০১০ সালের হিসাব অনুযায়ী এ পৌরসভার নয়টি ওয়ার্ডের ৫৭টি পাড়া-মহল্লায় লোকসংখ্যা ৭৩ হাজার ২৭৩ জন। পৌরসভার আয়তন ১৬ দশমিক ৩২ বর্গকিলোমিটার। ১৪০ কিলোমিটার সড়কের মধ্যে ৮০ কিলোমিটার পাকা। বাকিটুকু কাঁচা সড়ক।
১৯ আগস্ট সরেজমিনে দেখা যায়, নতুন বাজার, মেনাজবাজার, ক্যানেলটারী, চেয়ারম্যানপাড়া, হক বাজার, সারাই এলাকায় বৃষ্টির পানির সঙ্গে নর্দমার পানি মিশে রাস্তাঘাট কাদা থিকথিকে হয়ে আছে। নর্দমাগুলোতে ময়লা-আবর্জনা জমে পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে বললেই চলে। বৃষ্টি হলে এসব নর্দমা উপচে নোংরা পানি ছড়িয়ে পড়ে। এদিকে এই ছয় এলাকা ছাড়া পৌরসভার অন্য পাড়া-মহল্লায় তো এখনো নর্দমাই নির্মাণ করা হয়নি। ফলে এসব এলাকার পয়োনিষ্কাশনব্যবস্থা ভেস্তে যাওয়ার উপক্রম।
এদিকে প্রধান সড়কেও বিভিন্ন স্থানে খানাখন্দ উঠে চলার অযোগ্য হয়ে পড়েছে। সড়কটির নতুন বাজার এলাকায় পিচ উঠে গিয়ে তৈরি হওয়া খানাখন্দে সামান্য বৃষ্টিতেই পানি জমে। হক বাজার এলাকায়ও পিচ উঠে গেছে। বড় যানবাহনের কথা বাদ দিলেও রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশায় চলাও কঠিন হয়ে পড়েছে। এ ছাড়া মোল্লাপাড়া থেকে মেনাজ বাজার পর্যন্ত চার কিলোমিটার সড়কের পিচ উঠে খানাখন্দে ভরে গেছে রাস্তা। পূর্ব মিয়াপাড়া থেকে মুন্সিপাড়া পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার ও তেলিপাড়া থেকে নিউ কাজীপাড়া পর্যন্ত দুই কিলোমিটার সড়কের অনেক স্থানে পিচ উঠে খানাখন্দে ভরে গেছে বলে দেখা গেছে।
নতুন বাজার এলাকার ব্যবসায়ী মিনহাজুল ইসলাম বলেন, নর্দমাগুলোয় জমে ওঠা আবর্জনার স্তূপ অপসারণের কোনো উদ্যোগ নেই। এতে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ নষ্ট হচ্ছে। আর বৃষ্টি হলে তো নর্দমার পানি উপচে সব জায়গায় ছড়িয়ে পড়ে। তখন নাকে কাপড় চাপা দিয়ে হাঁটা ছাড়া উপায় থাকে না।
সারাই এলাকার ব্যাটারিচালিত অটোরিকশার চালক আনোয়ারুল ইসলাম বলেন, এ রকম ভাঙাচোরা রাস্তায় অটো চালাতে খুবই কষ্ট হয়। গাড়ি উল্টে পড়ার ভয় তো থাকেই। গাড়ির যন্ত্রপাতিও ক্ষতিগ্রস্ত হয়।
এসব সমস্যার পাশাপাশি পৌরসভার পক্ষ থেকে এখানকার বাসিন্দাদের জন্য বিশুদ্ধ পানি সরবরাহে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পৌর বাসিন্দাদের বিশুদ্ধ পানির দাবি কর্তৃপক্ষ আমলেই নিচ্ছে না বলে নাগরিকবাসীর অভিযোগ।
পোদ্দারপাড়া এলাকার বাসিন্দা শিক্ষক আনিসুর রহমান বলেন, দুই যুগ হয়ে গেল পৌরসভাটি হয়েছে। কিন্তু এত বছরে নাগরিক সুবিধা তেমন একটা বাড়েনি। কিন্তু পৌর কর ঠিকই আদায় করা হচ্ছে।
অন্যদিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ফাতানটারী ও কদমতলী এলাকার অধিকাংশ মানুষ এখনো স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থার আওতার বাইরে। খোলা আকাশের নিচেই তাঁরা সারেন প্রাকৃতিক কাজ। এসব মলমূত্র গিয়ে পড়ে মানাস নদে। এতে পরিবেশ যেমন দুষিত হচ্ছে, তেমনি স্বাস্থ্যগত হুমকির মুখে পড়ছে মানুষ।
এ ওয়ার্ডের কাউন্সিলর আজিজুর রহমান বলেন, এ সমস্যা দীর্ঘদিনের। অপেক্ষাকৃত দরিদ্র লোকজনের বাস এ দুই গ্রামে। সেই সঙ্গে সচেতনতার অভাবও রয়েছে। পরিবেশ রক্ষায় সবাই একসঙ্গে সচেতন না হলে এ সমস্যা দূর করা খুবই কষ্টসাধ্য।
পৌর মেয়র সাদাকাত হোসেন বলেন, নর্দমা, রাস্তা সংস্কার ও নির্মাণসহ বিশুদ্ধ পানি সরবরাহ করে নাগরিক সেবা নিশ্চিত করতে মাস্টারপ্ল্যান করা হয়েছে। কিন্তু আর্থিক সহায়তা না পাওয়ায় পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।