নামে বিদ্যালয়, রাখা হয় গরু-ছাগল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দূর থেকে দেখলে মনে হবে, কোনো সরকারি বা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন। গ্রামের ছেলেমেয়েরা এ বিদ্যালয়ে লেখাপড়া করে। কিন্তু কাছে গিয়ে দেখলে এ ধারণা ভুল প্রমাণিত হবে। এটি বিদ্যালয় ভবন ঠিকই, তবে এখানে বিদ্যালয়ের কোনো কার্যক্রম চলে না। এখানে গরু-ছাগল রাখা হয়। বিদ্যালয় স্থাপনের নামে খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম তৈদুছড়া গ্রামে এ ভবনটি প্রায় এক যুগ আগে নির্মাণ করা হয়েছে।সরেজমিনে দেখা গেছে, ভবনটির সামনের অংশের দেয়ালের ওপর ‘তৈদুছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নির্মাণ সাল ১৯৯৮ইং, নির্মাণব্যয়-ছয় লাখ ৫৭ হাজার টাকা, বাস্তবায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, দীঘিনালা, খাগড়াছড়ি’ লেখা আছে। তৈদুছড়া গ্রামটির অবস্থান দীঘিনালা উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে।ওই গ্রামে গিয়ে জানা গেছে, ১৯৯৮-৯৯ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তৈদুছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা একতলা ভবনটি নির্মাণ করে। এতে চারটি কক্ষ রয়েছে। ওই সময় এ ভবনের শ্রেণীকক্ষ ও বিদ্যালয় কার্যালয়ের জন্য আসবাবপত্র সরবরাহ করা হয়। ভবন নির্মাণ ও আসবাবপত্র সরবরাহ করা হলেও এ বিদ্যালয়ে কোনো ছেলেমেয়ে এক দিনও লেখাপড়া করেনি এবং বিদ্যালয়টিও চালু হয়নি। দীর্ঘ ১২ বছরে সংস্কার না করায় এখন ভবনটির বিভিন্ন স্থান থেকে পলেস্তরা খসে পড়ছে। দরজা-জানালা ভেঙে গেছে। এ ভবনে গ্রামবাসী এখন গরু ও ছাগল বেঁধে রাখেন।তৈদুছড়া গ্রামের অজিত ত্রিপুরা ও দয়াল ত্রিপুরা জানান, ভবন নির্মাণের পর এ বিদ্যালয়ে কোনো দিন ক্লাস হয়নি। এ গ্রামের ছেলেমেয়েরা পাঁচ-ছয় কিলোমিটার দূরে মায়াফা পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে পড়া লেখা করছে।উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, তৈদুছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে শিক্ষা কার্যালয়ের নথিপত্রে কোনো বিদ্যালয়ের অস্তিত্ব নেই। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মংগ্রী মগ বলেন, ‘যেখানে বিদ্যালয়ের কোনো অস্তিত্ব নেই, সেখানে ভবন হলো কীভাবে। তবে শুনেছি, ওখানে একটা বিদ্যালয় করার উদ্যোগ নেওয়া হয়েছিল। পরে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে আর বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়নি।’দীঘিনালা উপজেলা এলজিইডির কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই কার্যালয়ে বিদ্যালয় ভবন নির্মাণের কোনো নথিপত্র নেই। উপজেলা প্রকৌশলী সাইদুল্লাহ মিয়া জানান, শিক্ষা কার্যালয় থেকে বিদ্যালয়ের নাম না দিলে এলজিইডি বিদ্যালয় ভবন নির্মাণ করার কথা নয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান মিঞা বলেন, ‘আমি নিজেও দুর্গম তৈদুছড়া গ্রাম পরিদর্শন করে বিদ্যালয় ভবনটি দেখেছি। পরে শিক্ষা কার্যালয়ে খোঁজ নিয়ে এ বিদ্যালয়ের কোনো নথিপত্র ও অস্তিত্ব পাওয়া যায়নি। ওই সময় ভবন নির্মাণের নামে সরকারের সাড়ে ছয় লাখ টাকার অপচয় হয়েছে।’