নামে-বেনামে প্রকল্প দেখিয়ে টিআরের গম আত্মসাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি উপজেলায় স্থানীয় সাংসদের বিশেষ কোটায় বরাদ্দ দেওয়া টিআরের গমের সিংহভাগ আত্মসাৎ করা হয়েছে। আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা এসব প্রকল্পের সভাপতি ও সদস্য হয়ে কোনো কাজ না করেই গম আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কোনো কোনো স্থানে ভুয়া প্রকল্প দেখিয়ে টিআরের গম বরাদ্দ নিয়ে তা লুটপাট করা হয়েছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর কালকিনি পৌরসভাসহ ১৪টি ইউনিয়নে ১৯১টি প্রকল্পের বিপরীতে টিআরের ২২৫ টন গম বরাদ্দ করা হয়। এসব প্রকল্পের কাজ ২৭ জুন থেকে ৩০ জুনের মধ্যে শেষ করার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত অধিকাংশ প্রকল্পের কাজ শেষ হয়নি।সরেজমিনে অনুসন্ধান করে এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন কবরস্থান উন্নয়নের নামে টিআরের তিন টন গম বরাদ্দ এনে আত্মসাৎ করেছেন। দেলোয়ার হোসেন জানান, কবরস্থানের জায়গায় পাটখেত থাকায় কাজ করা যায়নি। এখন পাটখেত থেকে পাট কাটা হয়েছে। শিগগিরই ওই স্থানে উন্নয়নকাজ করা হবে।দক্ষিণ রাজদি মিত্রবাড়ি কালীমন্দিরের নামে টিআরের এক টন গম বরাদ্দ করা হয়। মন্দির কমিটির সভাপতি শ্যামল মিত্র জানান, ‘মন্দিরের নামে কারা টিআর এনেছে জানি না। তবে মন্দিরে কোনো কাজ হয়নি।’ এ মন্দিরের ভুয়া সভাপতি ও সম্পাদক সেজে সালাম মোল্লা ও ভজন দত্ত টিআরের গম এনে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভজন দত্ত উপজেলা আওয়ামী লীগ ও সালাম মোল্লা পৌর আওয়ামী লীগের সদস্য। ভজন দও জানান, তিনি টিআরের গম আত্মসাৎ করেননি। তাঁর স্বাক্ষর জাল করে টিআরের গম তোলা হয়েছে। উত্তর রাজদি কাঠেরপুল নুরানী মাদ্রাসার উন্নয়ন প্রকল্পের নামে টিআরের এক দশমিক পাঁচ টন গম বরাদ্দ করা হয়। অথচ এ নামে কোনো মাদ্রাসা নেই। তবে দক্ষিণ রাজদি গ্রামে একটি নুরানী মাদ্রাসা আছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিয়াকত হোসেন ও মিজানুর রহমানকে যথাক্রমে সভাপতি ও সম্পাদক করে উত্তর রাজদি কাঠেরপুল নুরানী মাদ্রাসার নামে প্রকল্প দাখিল করে গম তোলা হয়েছে। সিডিখান ইউনিয়নের কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নের জন্য চার টন গম বরাদ্দ হলেও সেখানে কোনো কাজ করা হয়নি। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিডিখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান জানান, এ কাজ কয়েক মাস আগেই শেষ হয়ে গেছে। কালকিনি উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুক জানান, যাঁরা টিআর প্রকল্পের কাজ পেয়েছেন, ওই কাজ শেষ করার দায়িত্ব তাঁদের। প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে কি না, তা যাচাই করার জন্য একটি কমিটি করা হয়েছে। ওই কমিটি যাঁরা সঠিকভাবে কাজ করেননি, তাঁদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেবে।পিআইও মশিউর রহমান জানান, ‘আমি এখানে কয়েক দিন আগে এসেছি। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যাচাই করে দেখব। এসব অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, ‘আমরা তালিকা নিচ্ছি। কোনো কাজ না হলে টিআর প্রকল্প বাস্তবায়নের কাজে যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’