নামে-বেনামে সাংসদ বদির বিপুল সম্পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুর রহমান বদি
আবদুর রহমান বদি

হলফনামায় দেওয়া তথ্যের বাইরেও সাবেক ও বর্তমান চারজন সাংসদের বিপুল পরিমাণ অপ্রদর্শিত সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে প্রাথমিক অনুসন্ধান শেষ করে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাংসদ আবদুর রহমান বদির বিরুদ্ধে অনুসন্ধান প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
এর বাইরে পটুয়াখালীতে সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানেরও অপ্রদর্শিত সম্পদের খোঁজ পেয়েছেন দুদকের অনুসন্ধান কর্মকর্তা। এ বিষয়ে আজ রোববার তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন অনুসন্ধান কর্মকর্তা। সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ও তাঁর স্ত্রীর নামে-বেনামেও বিপুল সম্পদের সন্ধান পাওয়া গেছে। তাঁকে কাল ২৪ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের কথা।
সামগ্রিক বিষয়ে দুদকের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, দুদক অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান করছে। আর হলফনামায় দেওয়া অতিরিক্ত সম্পদ যেসব সাংসদের রয়েছে, তাঁদের বিরুদ্ধে মাঠপর্যায়ে অনুসন্ধান ঠিকমতো চলছে।
সাংসদ আবদুর রহমান: আলোচিত সাংসদ আবদুর রহমান বদির অতিরিক্ত সম্পদের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান শেষে প্রতিবেদন জমা দিয়েছেন অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক আহসান আলী। প্রতিবেদনে সাংসদ ও তাঁর পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী জমা দিতে নোটিশ দেওয়ার সুপারিশ করা হয়েছে।
দুদক সূত্র জানায়, নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় সাংসদ বদি কেবল প্রদর্শিত অর্থ ও সম্পদের কথা উল্লেখ করেছেন। কিন্তু এর বাইরেও নামে-বেনামে প্রচুর সম্পদের তথ্য পাওয়া গেছে। গত পাঁচ বছরেই তিনি সবচেয়ে বেশি সম্পদের মালিক হয়েছেন। আরও তথ্যের জন্য পরিবারের সদস্যসহ সাংসদ বদির ব্যাংক হিসাব ও আর্থিক লেনদেনের তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে।
এদিকে কক্সবাজার জেলা নিবন্ধন কার্যালয়ের তথ্য অনুযায়ী টেকনাফ, উখিয়া, ইনানী, বাহারছড়া ও সেন্ট মার্টিন এলাকায় সাংসদ বদি, তাঁর স্ত্রী, বোন ও ভাইদের নামে জমি রয়েছে। কক্সবাজার সদরে দ্বীপ প্লাজায় তাঁর দোকান রয়েছে। কক্সবাজারে কলাতলীতে একটি রেস্টহাউসের মালিকও এই সাংসদ, যা দেখাশোনা করেন টেকনাফের স্থানীয় একজন আওয়ামী লীগ নেতা সোনা আলী ওরফে সোনা মিয়ার ভাই ইসমাইল। দুবাইয়ে সাংসদ বদির নামে তিনটি সোনার দোকানের অস্তিত্ব পাওয়া গেছে। দোকান তিনটি পরিচালনা করেন সোনা মিয়ার তিন ছেলে।
দুবাইয়ে দোকান ও অন্যান্য সম্পদের বিষয়ে জানতে চাইলে সাংসদ বদি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সব ভুয়া ও মিথ্যা তথ্য। সাহস থাকলে প্রমাণ করে দেখান। দুদককে বলছি না, একটাও অভিযোগ প্রমাণ করতে পারলে সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করব।’
গত পাঁচ বছর ক্ষমতায় থাকাকালে ভূমি মন্ত্রণালয় থেকে পাঁচ ভাই ও এক বোনের নামে ১০ একর করে মোট ৬০ একর খাসজমি বন্দোবস্ত নিয়েছেন সাংসদ। দুদকে পাঠানো ভূমি মন্ত্রণালয়ের উপসচিব আনোয়ারুল হকের সই করা চিঠিতেই এ তথ্য রয়েছে।
দুদকের কাছে পাঠানো তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে চট্টগ্রামের আগ্রাবাদ ও হালিশহরে ছোট বোন শামসুন্নাহারের নামে দুটি বাড়ি করেছেন আবদুর রহমান বদি। এ ছাড়া রাজধানীর বসুন্ধরায় সাংসদের নিজ নামে একটি এবং আরও দুটি ফ্ল্যাট তাঁর দুই ভাইয়ের নামে রয়েছে।
ভাইবোনদের নামে সম্পদ গড়ার বিষয়ে সাংসদ বদি বলেন, ‘আমার সাত মা, ১৯ ভাইবোন। কার কী আছে, সেটা আমি কীভাবে বলব?’
কক্সবাজারে অনুসন্ধান করে দুদক আরও জেনেছে, আবদুর রহমান বদি তাঁর অবৈধ পথে অর্জিত আয় থেকে সাত কোটি টাকার বেশি তাঁর আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের নামে ব্যাংকে রেখেছেন। সবার নামের তালিকাও দুদকের কাছে রয়েছে। বন্ধুদের নামে সম্পদ গড়ার অভিযোগ অস্বীকার করে বদি বলেন, ‘এরা আমার বন্ধু, রাজনৈতিক সহকর্মী। একসঙ্গে চলি। এদের কোনো জমি বা টাকার সঙ্গে আমার সম্পর্ক নাই।’ চোরাচালান ও মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।
উপপরিচালক আহসান আলী বলেন, কক্সবাজারে এমন কোনো থানা নেই, যেখানে বদির বিরুদ্ধে মামলা নেই। দুদক এ পর্যন্ত ৯০টি মামলার তথ্য পেয়েছে। এগুলোর মধ্যে শিশু ও নারী নির্যাতনসহ অন্যান্য ভয়ংকর অপরাধের মামলাও রয়েছে।
গত রোববারের জিজ্ঞাসাবাদে সাংসদ বদি সব অভিযোগ অস্বীকার করলেও তাঁর ছোট ভাই মাদকসহ ধরা পড়া ও পরে পলাতক থাকার কথা দুদক কর্মকর্তাদের কাছে স্বীকার করেন।
সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী: সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের হলফনামায় জনৈক বিপুল হাওলাদারের কাছ থেকে ৫০ লাখ টাকা ধারের কথা উল্লেখ রয়েছে। তবে এ অর্থ বিপুল হাওলাদার ধার দেননি বলে দুদকের অনুসন্ধান দলের কাছে লিখিতভাবে স্বীকার করেছেন বিপুল। তাই এ অর্থকে ‘কালোটাকা’ হিসেবে চিহ্নিত করেছেন অনুসন্ধান কর্মকর্তারা।
দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত সূত্র আরও জানায়, পটুয়াখালীর কলাপাড়ায় অনুসন্ধান চালিয়ে দেখা গেছে, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রীর স্ত্রী প্রীতি হায়দার স্বামীর চেয়ে বেশি অর্থের মালিক। তাঁর স্ত্রী বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন বলে জানান অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক খায়রুল হুদা।
দুদক সূত্র জানায়, মাহবুবুর রহমানের স্ত্রীর আয়কর বিবরণীতে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান আন্ধারমানিক এন্টারপ্রাইজ ও গঙ্গামতি এন্টারপ্রাইজের কথা উল্লেখ থাকলেও বাস্তবে এর অস্তিত্ব নেই। অথচ প্রতিষ্ঠান দুটির মাধ্যমে গত পাঁচ বছরে পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে ১০০ কোটি টাকার ঠিকাদারি কাজ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে নথিপত্র নিয়ে এসেছে অনুসন্ধান দল।
এ ছাড়া প্রীতি ও বিপুল হাওলাদার, প্রীতি ও পৌর মেয়র এস এম রাকিবুল আহসান এবং প্রীতি ও রুহুল আমিনের নামে তিনটি ইটভাটার অস্তিত্ব পাওয়া গেছে। স্ত্রীর নামেও প্রচুর জমির নথিপত্র পেয়েছে দুদক।
হলফনামা সম্পর্কে গণমাধ্যম ভুল তথ্য দিচ্ছে মন্তব্য করে পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এসব ভুল তথ্য নিয়েই দুদক দৌড়াচ্ছে। স্ত্রীর সম্পদ সম্পর্কে তিনি বলেন, এ সম্পর্কে দুদক কোনো প্রশ্ন করলে তাদের উত্তর দেব। এ নিয়ে গণমাধ্যমে কথা বলতে চাই না।
সাবেক ধর্ম প্রতিমন্ত্রী: সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়ার একান্ত সহকারী সচিব সৌমেন লাল চন্দের অবৈধ সম্পদের খোঁজ করতে গিয়ে এর সঙ্গে সাবেক ধর্ম প্রতিমন্ত্রীর সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে অনুসন্ধান দল। এর মধ্যে হজ লাইসেন্সের অনুমতি দেওয়ার নামে অর্থ লেনদেনের অভিযোগও রয়েছে। এ বিষয়ে সৌমেন লাল চন্দকে জিজ্ঞাসাবাদ করে তথ্য পেয়েছেন সংশ্লিষ্ট উপপরিচালক আহসান আলী। তবে এসব বিষয়ে বারবার তাঁর বাসার টেলিফোনে যোগাযোগ করা হলেও ‘তিনি বাসায় নেই’ বলে জানান তাঁর বাসার লোকজন।