নামে-বেনামে ২৪ টন চাল তুলে আত্মসাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় জেনারেল রিলিফ (জেআর) প্রকল্পের ২৪ টন চাল ১২টি প্রতিষ্ঠানের নামে উত্তোলন করে আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। দুটি প্রতিষ্ঠানের নামে চার টন চাল উত্তোলন করা হলেও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এ বিষয়ে কিছুই জানে না বলে অভিযোগ করেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, গত অর্থবছরে উপজেলায় জেআর প্রকল্পে ১২টি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদের নামে ২৪ টন চাল জেলা প্রশাসকের কার্যালয় থেকে বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে বেশির ভাগ প্রতিষ্ঠান চাল না পেলেও তা উত্তোলন করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে একাধিক লিখিত অভিযোগ জমা পড়েছে।উপজেলার ইসলামপুর জামে মসজিদের সভাপতি আবদুর রউফ মণ্ডল ও বুড়াইল জামে মসজিদের সভাপতি এখতিয়ার হোসেন অভিযোগে বলেন, তাঁদের মসজিদের নামে চার টন চাল উত্তোলন করা হয়েছে। ইসলামপুর মসজিদের ভুয়া সভাপতি সেজে ধনকুড়াইলের বাবু নামের এক ব্যক্তি দুই টন চাল উত্তোলন করেছেন। একইভাবে বুড়াইল জামে মসজিদের সভাপতি সেজে আনোয়ার মাস্টার দুই টন চাল তুলে নিয়েছেন। তবে বাবু ও আনোয়ার মাস্টার বলেন, তাঁরা এ ব্যাপারে কিছুই জানেন না। তাঁদের নাম ব্যবহার করে কেউ এ কাজ করে থাকতে পারে।জামুহালী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ের নামে দুই টন চাল উঠিয়ে মাত্র ১০ হাজার টাকা বোর্ডিংয়ের তহবিলে দিয়েছেন। অথচ দুই টন চালের বাজারমূল্য ৪৫ হাজার টাকা। এ বিষয়ে মিজানুর রহমান বলেন, ‘বিভিন্ন দপ্তরে বেশ কিছু খরচ হয়েছে।’নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, এ প্রকল্পে অনেক প্রতিষ্ঠান আছে, যাদের নামে চাল বরাদ্দ ও উত্তোলন করা হয়েছে, কিন্তু ওই প্রতিষ্ঠান কিছুই জানে না। উপজেলা পিআইও মতিউর রহমান বলেন, ওই দুই প্রতিষ্ঠানসহ চারটি প্রতিষ্ঠানের চাল উত্তোলন তদারকি করেছেন আওয়ামী লীগের নেতা ও ব্যবসায়ী জালাল উদ্দিন তালুকদার। তিনি আরও বলেন, জুনের শেষের দিকে বরাদ্দ আসায় তাড়াহুড়ো করে ছেড়ে দেওয়া হয়, তদারকির সময় ছিল না। ইউএনও রুহুল আমীন মিঞা বলেন, অভিযোগগুলো খতিয়ে দেখা হবে।