শিক্ষকসংকটে মারাত্মক ব্যাহত হচ্ছে সিলেট সরকারি কলেজের শিক্ষাদান কার্যক্রম। কলেজের বেশির ভাগ বিভাগেই মাত্র একজন করে শিক্ষক আছেন। তাঁদের অনেকেই প্রতিদিন ছয়টির বেশি ক্লাস নেন। ডিগ্রি মানের এই কলেজের শিক্ষাদান কার্যক্রম চলছে উচ্চমাধ্যমিকের আদলে।এমসি কলেজের সহায়ক হিসেবে ১৯৬৪ সালে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সিলেট সরকারি কলেজ প্রতিষ্ঠা করা হয়। শিক্ষার্থীদের চাপ থাকায় ১৯৮৮ সালে কলেজে ডিগ্রির পাঠদান শুরু হয়। সেই থেকে এখনো ডিগ্রি (পাস কোর্স) পড়ানো হচ্ছে। তবে সে অনুযায়ী কলেজে শিক্ষকের পদ বাড়েনি। বর্তমানে ডিগ্রি (পাস) ও উচ্চমাধ্যমিক মিলিয়ে কলেজে শিক্ষার্থীর সংখ্যা দুই হাজার ৮৫০।কলেজের অধ্যক্ষ আশফাক আহমদ প্রথম আলোকে বলেন, ‘ডিগ্রি কলেজে উন্নীত করা হলেও আমাদের কলেজ চলছে উচ্চমাধ্যমিকের আদলে। শিক্ষক আছেন উচ্চমাধ্যমিক পর্যায়ের। এ কারণে কোনো পর্যায়ের শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম সঠিকভাবে চালানো যাচ্ছে না।’ কলেজ সূত্র জানায়, কলেজে ১৭টি বিভাগের প্রতিটিতে দুটি করে শিক্ষকের পদ রয়েছে। সেই হিসাবে কলেজে শিক্ষকের মোট পদ ৩৪টি। তবে এসব পদের ১১টি বর্তমানে শূন্য।বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, ইসলামের ইতিহাস, উদ্ভিদবিজ্ঞান—এই সাতটি বিভাগে একজন করে শিক্ষক থাকায় তাঁরা শিক্ষাদানে হিমশিম খাচ্ছেন।বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এই বিভাগে আমিই একমাত্র শিক্ষক। আর কোনো শিক্ষক না থাকায় প্রতিদিন অন্তত পাঁচটি ক্লাস নিতে হয়। কোনো কোনো দিন ছয়টি ক্লাসও নিতে হয়। এত চাপের মধ্যে শিক্ষার্থীদের ভালোভাবে পড়ানো সম্ভব নয়।’তা ছাড়া রসায়ন, সংস্কৃতি ও উর্দু বিভাগে একজনও শিক্ষক নেই। রসায়নের ক্লাস নিতে হয় পদার্থবিজ্ঞানের শিক্ষককে। একজন খণ্ডকালীন শিক্ষকও রসায়নের ক্লাস নেন বলে জানা গেছে।প্রদর্শক নেই, তাই পরীক্ষাগারে ক্লাস হয় না: বিজ্ঞানের প্রতিটি বিভাগের ব্যবহারিক ক্লাসের জন্য আলাদা পরীক্ষাগার রয়েছে। কিন্তু শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাস করানোর জন্য একজনও প্রদর্শক নেই।সূত্র জানায়, পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান ও প্রাণিবিজ্ঞান বিভাগের চারটি পরীক্ষাগারের জন্য কলেজে চারজন প্রদর্শকের পদ আছে। কিন্তু সব পদই শূন্য। এসব পদে নিয়োগ না হওয়ায় শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাস হচ্ছে না।কলেজ নয়, যেন পরীক্ষাকেন্দ্র: সিলেট সরকারি কলেজে সারা বছরই বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এমনকি চাকরির পরীক্ষাও কলেজে অনুষ্ঠিত হয়। তা ছাড়া সারা বছরই উচ্চমাধ্যমিক ও ডিগ্রি কোর্সের পরীক্ষা থাকে। কলেজ সূত্র জানায়, পরীক্ষার কারণে বছরের অন্তত তিন মাস ক্লাস বন্ধ থাকে। এই কলেজ শিক্ষাদানের চেয়ে পরীক্ষার কেন্দ্র হিসেবেই বেশি ব্যবহূত হয়।বাণিজ্য আছে না থাকার মতো: কলেজের শিক্ষকেরা জানান, সিলেটের কোনো সরকারি কলেজে বাণিজ্য বিভাগের কোনো বিষয় পড়ানো হয় না। শুধু এ কলেজেই বিকম (পাস) পড়ানো হয়। এই কোর্সে শিক্ষার্থীও অনেক। কিন্তু শিক্ষকসংকটের কারণে তাদের ক্লাস ঠিকমতো করানো সম্ভব হচ্ছে না।কলেজের অধ্যক্ষ বলেন, অভিভাবক ও শিক্ষার্থীদের অনেকেই এখন বাণিজ্য বিভাগে স্নাতক চালুর দাবি করছেন। বিষয়টি নিয়ে কলেজে আলোচনাও হচ্ছে। কিন্তু প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক না থাকায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।অরক্ষিত ক্যাম্পাস: কলেজের কোনো সীমানাপ্রাচীর না থাকায় সব সময়ই নিরাপত্তাহীনতায় থাকেন শিক্ষক-শিক্ষার্থীরা। সন্ধ্যায় স্থানীয় লোকজনের নেশার আড্ডায় পরিণত হয় কলেজ প্রাঙ্গণ। তা ছাড়া দিনের বেলায় কলেজের ভেতর ঢুকে স্থানীয় যুবকেরা ছাত্রীদের উত্ত্যক্ত করে বলে জানা গেছে।শুধু তা-ই নয়, প্রাচীর না থাকায় উত্তর ও পূর্ব দিকে কলেজের জায়গা দখল হয়ে যাচ্ছে। জানা যায়, ১৭ দশমিক ৫০ একর জায়গার ওপর সিলেট সরকারি কলেজ প্রতিষ্ঠা করা হয়। তবে সীমানাপ্রাচীর না থাকায় দশমিক ৫৪ একর জায়গা বেদখল হয়ে গেছে।অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ইফতেখার আলম প্রথম আলোকে বলেন, ‘কলেজের জায়গা উদ্ধারে দখলদারের বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। রায়ও আমাদের পক্ষে এসেছিল। কিন্তু তার পরও উচ্ছেদ করা যায়নি।’ তবে কর্তৃপক্ষ জানায়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে যোগাযোগ করেও সীমানাপ্রাচীর নির্মাণ করা সম্ভব হয়নি।নামেই ছাত্রীনিবাস: ২০০৪ সালে কলেজের ছাত্রীদের জন্য ১০০ আসনবিশিষ্ট একটি ছাত্রীনিবাস নির্মাণ শুরু হয়। ২০০৭ সালে নির্মাণকাজ শেষ হলেও ভবনটি কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়নি। হোস্টেলে বিদ্যুৎ, পানি কিংবা গ্যাস কোনোটারই সংযোগ দেওয়া হয়নি। এ কারণে হোস্টেল নির্মাণ করা হলেও ছাত্রীদের সেখানে রাখা সম্ভব হচ্ছে না।তা ছাড়া হোস্টেল সুপারের বাসভবন নেই। কলেজ থেকে হোস্টেল পর্যন্ত যাওয়ার রাস্তাও তৈরি করা হয়নি। এমনকি হোস্টেলের চারপাশে কোনো সীমানাপ্রাচীরও দেওয়া হয়নি।অধ্যক্ষ বলেন, বেশকিছু সমস্যার কারণে ছাত্রীদের হোস্টেলে রাখা যাচ্ছে না। ২০০৮ সালে যোগাযোগ করলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জানায়, পর্যায়ক্রমে বিদ্যুৎ, পানি ও গ্যাসের সংযোগ এবং প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থা করা হবে। কিন্তু এখনো পর্যন্ত কিছুই হয়নি। অধ্যক্ষের বাসভবনটি পরিত্যক্ত রয়েছে। শিক্ষকদের ডরমিটরিও থাকার উপযোগী নয়।উপাধ্যক্ষের পদ নেই: কলেজের একাধিক শিক্ষক বলেন, কলেজে আগে উপাধ্যক্ষের পদ ছিল। কিন্তু ১৯৮৭ সালে এই পদ বিলুপ্ত করা হয়। এখন সব সিদ্ধান্ত অধ্যক্ষ একাই নেন। কলেজের অধ্যক্ষও বিষয়টি স্বীকার করেন।